চার মাসের শিশুকে হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মগড়াইল গ্রামে চার মাসের এক শিশুকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত যুবকের নাম আল-আমিন (২৯)। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ আজ মঙ্গলবার এ রায় দেন।
আল-আমিন বর্তমানে পলাতক। ঘটনার সময় তাঁর বয়স ছিল ২১ বছর। তাঁর বাড়ি কেন্দুয়া উপজেলার মগড়াইল গ্রামে। আদালত আজ তাঁকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ৯ মে মগড়াইল গ্রামের নাদু ফকিরের স্ত্রী পারভীন আক্তার প্রতিবেশী আব্দুল কদ্দুসের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন। দুই শিশু সন্তান সোবহান ও রিজাও তাঁর সঙ্গে ছিল। নাদু ফকিরের সঙ্গে একই গ্রামের আল-আমিনের বাবার বিরোধ ছিল। এরই জের ধরে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে আল-আমিন এসে শিশু রিজার দুই পা ধরে খাটের মধ্যে দুই-তিনবার আছাড় মারে। এ সময় রিজার ভাই সোবহানের চিৎকারে পারভীন ও আশপাশের লোকজন ছুটে এসে আল-আমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। অন্যদিকে গুরুতর অবস্থায় শিশু রিজাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নাদু ফকির বাদী হয়ে ওই দিনই আল-আমিনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৭ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। কিন্তু আল-আমিন আদালত থেকে জামিনে মুক্তি নিয়ে বের হয়ে পালিয়ে যান।
সাতজনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দীর্ঘ আট বছর পর আদালত আজ এ রায় দেন।