চার মিনিটের পথ লাগে আধা ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-সারিয়াকান্দি সড়কে জেলা শহরের চেলোপাড়া সেতু থেকে শহরতলির সাবগ্রাম পর্যন্ত সাড়ে তিন কিলোমিটারের বেশির ভাগ অংশ দীর্ঘদিন ধরে বেহাল। এতে সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলী—এই তিন উপজেলার প্রায় সাত লাখ মানুষ যাতায়াতে দুর্ভোগে পড়েছে।

এলাকাবাসী বলছেন, সড়কটির বিভিন্ন স্থানে পিচ-খোয়া, ইট, বালু ও কার্পেটিং উঠে খানাখন্দ ও গর্ত তৈরি হয়েছে। এ রাস্তা দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েক হাজার যানবাহন। বর্ষায় সড়কে একটু বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে। গত বর্ষায় সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ করেছেন এলাকাবাসী। হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ। কিন্তু তাতেও সড়ক সংস্কার হয়নি। রাস্তা ভালো থাকলে অটোরিকশায় এ পথ চার মিনিট লাগার কথা। কিন্তু এখন লাগছে আধা ঘণ্টা।

সারিয়াকান্দি পথের বাসচালক জাহাঙ্গীর আলম বলেন, ভাঙা সড়কের কারণে এ পথে বাসে যাত্রী উঠতে চায় না।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, সড়কটির দৈর্ঘ্য ২২ কিলোমিটার। এটির চেলোপাড়া সেতু থেকে সাবগ্রাম দ্বিতীয় বাইপাস পর্যন্ত অংশের দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার।

সরেজমিনে দেখা যায়, ওই সাড়ে তিন কিলোমিটারের পুরোটাই ইট-খোয়া ও কার্পেটিং উঠে গেছে। ভাঙাচোরা ও গর্তে ভরা সড়কে উড়ছে ধুলাবালু। সবচেয়ে বেশি খানাখন্দ চেলোপাড়া করিম স মিলসংলগ্ন মোড়, নারুলী উত্তরণ উচ্চবিদ্যালয়সংলগ্ন স্থান, নারুলী গোরস্থান ও কৃষি ফার্মের সামনে, নারুলী বাজার, আকাশতারা ওয়ার্ল্ড ভিশন কার্যালয়সংলগ্ন স্থান, আকাশতারা সুমন ফ্লাওয়ার মিলস ও বগুড়া জুট মিলসের সামনে।

এ পথের সিএনজি অটোরিকশার যাত্রী মোখলেছ জোয়ারদার বলেন, ‘চরের জমির মোকদ্দমার কাজে মাসে দুদিন বগুড়া শহরত আসপ্যার য্যায়া জীবন যায় যায় অবস্থা। তামান রাস্তায় ভাঙা। অ্যার মদ্দি বগুড়া টাউনের সাবগ্রাম আসলেই জিউডা (প্রাণ) ধুক ধুক করে ওঠে। সাবগ্রাম থ্যাকে চেলোপাড়া মিচ্চি অ্যানা রাস্তা। ভালো থ্যাকলে অটোরিশকাত চার মিনিট লাগার কতা। একন হেলেদুলে আসতে সময় লাগে পাক্কা আধা ঘণ্টা।’

চেলোপাড়া সিএনজি স্ট্যান্ডের ১২ জন চালক ও ১০ জন যাত্রী জানায়, এই স্ট্যান্ড থেকে এ সড়ক হয়ে গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলায় প্রতিদিন কয়েক হাজার সিএনজি অটোরিকশা, ইজিবাইক, ট্রাক, কাভার্ড ভ্যান, যাত্রীবাহী বাসসহ নানা যানবাহন চলাচল করে।

সিএনজিচালক আবদুল হালিম বলেন, চেলোপাড়া থেকে সাবগ্রাম পর্যন্ত অংশ পারাপার হতে সব সময় চালকদের মন দুরুদুরু করে। উঁচু-নিচু গর্তে গাড়ি পড়লে যাত্রীরা কষ্ট পায়।

চালক, যাত্রী ও এলাকাবাসী জানায়, গত বর্ষায় এ সড়কে ধান লাগিয়ে, বড়শি ফেলে মাছ ধরে দুর্ভোগ-ভোগান্তির প্রতিবাদ জানানো হয়েছে। তাতেও টনক নড়েনি সওজের। তবে সারিয়াকান্দিতে ত্রাণ বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে সামনে রেখে তারা সড়কের ভাঙা অংশে ইট-খোয়া ফেলে গর্ত ভরাট করে। গর্তে ফেলা এ খোয়া এখন দুর্ভোগ বহু গুণ বাড়িয়েছে। এবড়োখেবড়ো সড়কে এসব ভাঙা ইটের কারণে উঁচু-নিচু গর্তে পড়ে যাত্রীদের প্রাণ এখন ওষ্ঠাগত।

জেলা শহরের নারুলী এলাকার বাসিন্দা রেজাউল করিম বলেন, দীর্ঘদিন ধরে শহরের গুরুত্বপূর্ণ এ সড়ক বেহাল। ভাঙাচোরা সড়কে রিকশা-ভ্যান দূরে থাক হেঁটে চলাচল করা কষ্টকর। বেহাল সড়কের কারণে ১০ টাকার রিকশাভাড়া গুনতে হয় ৩০ থেকে ৪০ টাকা। অথচ বগুড়া সদর, সারিয়াকান্দি ও গাবতলী এলাকার তিনজন সাংসদ প্রতিনিয়ত এ সড়কে তাঁদের নির্বাচনী এলাকায় ও বাসায় যাতায়াত করেন।

জানতে চাইলে শহরের নারুলী এলাকার বাসিন্দা ও বগুড়া-৬ আসনের সাংসদ বিরোধী দলের হুইপ নুরুল ইসলাম ওমর বলেন, এলাকাবাসীর দুর্ভোগ-ভোগান্তির কথা বিবেচনা করে সড়কটি দ্রুত সংস্কারের জন্য সওজ বিভাগকে একাধিকবার বলা হয়েছে। সংস্কারের জন্য সওজ ইতিমধ্যে দরপত্রের প্রক্রিয়া শুরু করেছে।

সওজ বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, চেলোপাড়া থেকে সাবগ্রাম পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার অংশ বেশি খারাপ। এ অংশ সংস্কারের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ মিলেছে। ৭ ডিসেম্বর দরপত্র গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। সাবগ্রাম থেকে নেপালতলী পর্যন্ত আরও ৭ কিলোমিটার অংশ সংস্কারের জন্য চার কোটি টাকার প্রকল্পের প্রস্তাব সড়ক বিভাগের প্রধান প্রকৌশলীর দপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী চেলোপাড়া থেকে সারিয়াকান্দি পর্যন্ত সড়ক সংস্কারের আরেকটি প্রকল্প আগামী অর্থবছরে শুরু হবে। তিনি আরও বলেন, চেলোপাড়া থেকে সাবগ্রাম পর্যন্ত বগুড়া শহরের অংশে সড়কের দুপাশে নালা না থাকায় দফায় দফায় সংস্কার করেও সড়ক টেকানো যাচ্ছে না। নালা নির্মাণের জন্য বগুড়া পৌরসভাকে একাধিকবার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সাড়া মেলেনি।

এ বিষয়ে বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, শহরের ভেতরে হলেও সড়কটি রক্ষণাবেক্ষণ করে সওজ বিভাগ। এ কারণে সড়কের দুপাশে নালা নির্মাণের দায়িত্ব সওজের। অর্থ সংকুলান না হওয়ায় পৌরসভার পক্ষে নালা নির্মাণ করা সম্ভব নয়।