ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে গতকাল শুক্রবার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি ঘন কুয়াশা ও দুর্ঘটনার কারণে কয়েক দিন ধরে যানজটের সৃষ্টি হচ্ছে।
গতকাল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেলক্রসিংয়ে সংস্কারকাজ চলায় এবং গাজীপুরে বিশ্ব ইজতেমা উপলক্ষে মানুষ ও যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় যানজট তীব্র হয়।
কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসের চালকের সহকারী শরিফুল ইসলাম বলেন, গতকাল দিবাগত রাত পৌনে তিনটায় মির্জাপুর উপজেলার কুর্ণীতে পৌঁছার পর চার মিনিটের রাস্তা পৌনে এক ঘণ্টায় পাড়ি দিয়েও উপজেলা ছাড়তে পারেননি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ও দেলদুয়ারের নাটিয়াপাড়া এলাকার মাঝামাঝি নির্মাণাধীন একটি কারখানার সামনে দুর্ঘটনা ঘটে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার সকালে এলেঙ্গা, করটিয়া বাইপাস ও পাকুল্যায় আরও তিনটি দুর্ঘটনার কারণে যানজট তীব্র হয়। দিবাগত রাত পৌনে তিনটার দিকে মির্জাপুরের পোস্টকামুরী চড়পাড়া এলাকায় দুর্ঘটনার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজট তৈরি হয়। যানবাহন বেড়ে যাওয়ায় রাতে কুর্ণী থেকে গোড়াই পর্যন্ত যানজট তৈরি হয়। গতকাল সকালে যানজট কমতে থাকলেও ধেরুয়া রেলক্রসিংয়ে সংস্কারকাজ চলায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। দুপুরের পর যানজটের পরিধি বাড়তে থাকে।
সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে তিনটার দিকে মির্জাপুরের কুর্ণী থেকে গোড়াই পর্যন্ত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অধিকাংশ যানবাহনকেই ২৫ থেকে ৩০ মিনিট একই স্থানে থেমে থাকতে দেখা যায়।
ঢাকা থেকে মির্জাপুরে আসা আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, দুই ঘণ্টার রাস্তা মির্জাপুরে পৌঁছাতে তাঁর সাড়ে চার ঘণ্টার বেশি সময় লেগেছে। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই মোতালেব মিয়া বলেন, ঘন কুয়াশা, দুর্ঘটনা ও রাস্তায় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। ইজতেমার কারণেও রাস্তায় মানুষ ও যান চলাচল বেড়েছে। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পরিশ্রম করে যাচ্ছে।