চার মুক্তিযোদ্ধা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের চার মুক্তিযোদ্ধার ৪০তম শাহদাৎবার্ষিকীতে তাঁদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও লেবু ভাই স্মৃতি সংঘ গোপালগঞ্জে পৃথক মানববন্ধন করেছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় নেতা আতিয়ার রহমান, খুলনা জেলার সভাপতি মনোজ দাস, সুতপা বেদজ্ঞ, নড়াইল জেলার সাধারণ সম্পাদক বি এম বরকত উল্লাহ, গোপালগঞ্জ জেলা সভাপতি নিহার রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সুতপা বেদজ্ঞ অভিযোগ করেন, হত্যাকাণ্ডের নেতৃত্ব দেওয়া হেমায়েত উদ্দিন জামিনে থেকে বিভিন্ন সময়ে মামলাটি প্রভাবিত করার চেষ্টা করছেন। খুনিরা বারবার উচ্চ আদালতে গিয়ে মামলাটির কার্যক্রম স্থগিত করে রাখছে। এখন নিহত ব্যক্তিদের পরিবার ও সাক্ষীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ন্যায়বিচারের স্বার্থে আইনজীবীর মাধ্যমে ১৮ মার্চ আদালতে আসামিদের জামিন বাতিলের আবেদন করা হবে।এরপর একই স্থানে লেবু ভাই স্মৃতি সংঘ মানববন্ধন করে। এর আগে সদর উপজেলার আড়পাড়া গ্রামে ওয়ালিউর রহমান লেবুর কবরে ও পৌর শ্মশানে বাকি তিন নেতার সমাধিসৌধে পরিবার, জেলা সিপিবি ও উদীচীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রসঙ্গত, ১৯৭৩ সালের ১০ মার্চ নির্বাচনী কাজ শেষে কোটালীপাড়া উপজেলার সিকিরবাজার থেকে নৌকায় করে গোপালগঞ্জ ফেরার পথে টুপরিয়ায় প্রতিক্রিয়াশীলদের হাতে নিহত হন মুক্তিযুদ্ধে ৮ ও ৯ নম্বর সেক্টরে কমিউনিস্ট পার্টি-ন্যাপ ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর প্রধান সমন্বয়কারী ওয়ালিউর রহমান লেবু, ন্যাপ নেতা ও জাতীয় সংসদের কোটালীপাড়া আসনের প্রার্থী কমলেশ বেদজ্ঞ, ছাত্র ইউনিয়নের নেতা বিষ্ণুপদ ও মানিক। প্রাণে বেঁচে যান লুৎফর রহমান গঞ্জর। ঘটনার পরদিন তৎকালীন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া লুৎফর রহমানের জবানবন্দি অনুযায়ী, গোপালগঞ্জ থানায় একটি এফআইআর করা হয়। কিন্তু দীর্ঘ ৩৫ বছর উচ্চ আদালতের নির্দেশে মামলাটির বিচারকাজ বন্ধ ছিল। সর্বশেষ ২০১২ সালের ৩ এপ্রিল উচ্চ আদালতের নির্দেশে মামলাটির বিচারকাজ গোপালগঞ্জে শুরু হয়।