চার মেডিকেল সেন্টারকে জরিমানা
বিদেশ গমনে–ইচ্ছুক লোকদের ভুয়া স্বাস্থ্য সনদ দেওয়ার অভিযোগে গুলশান ও বনানীর চারটি মেডিকেল সেন্টারকে ৩১ লাখ টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১-এর ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম সারোয়ার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের উপসহকারী পরিচালক মো. রেজাউল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী গলফ মেডিকেল সেন্টারকে ১৫ লাখ, আল-আবির মেডিকেল সেন্টারকে ৬ লাখ, নোভা মেডিকেল সেন্টারকে ৮ লাখ ও আল-জাবের মেডিকেল চেকআপ সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করেন।
মেডিকেল সেন্টারগুলো ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, চিকিৎসকের পরিবর্তে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে রিপোর্ট তৈরি, স্বাস্থ্য পরীক্ষা না করে রিপোর্ট দিচ্ছিল।