চার মেডিকেলে নতুন পরিচালক
দেশের চারটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে সেনাবাহিনীর চারজন ব্রিগেডিয়ার জেনারেলকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এই চারটি প্রতিষ্ঠান হলো—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। এত দিন পরিচালকের দায়িত্ব ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।
রাজশাহী মেডিকেলের পরিচালক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম রফিকুল ইসলাম। তাঁর জায়গায় নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমান। ময়মনসিংহ মেডিকেলের ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমদের জায়গার নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল পারভেজ কবীর। ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম রসুল বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। এই পদে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহমেদ।
আগের চারজন পরিচালককে সেনাবাহিনীর দায়িত্বে ফেরত পাঠাতে তাঁদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।