চার মেয়র প্রার্থী ২৯ মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

নরসিংদী পৌর নির্বাচনে সবচেয়ে বেশি মামলার আসামি হিসেবে এগিয়ে আছেন আওয়ামী লীগের বিদ্রোহী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম কাইয়ুম। তিনি ১৫টি মামলার আসামি। এর মধ্যে চারটি বিচারাধীন। দ্বিতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান। তাঁর বিরুদ্ধে আটটি মামলা আছে।
রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় প্রার্থীরা মামলার এসব তথ্য উল্লেখ করেছেন। নরসিংদী পৌরসভায় মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির ফারজানা আক্তার বাদে সবাই বিভিন্ন মামলার আসামি। বাকি চার মেয়র প্রার্থীর বিরুদ্ধে মোট ২৯টি মামলা রয়েছে।
হলফনামা বিশ্লেষণ করে ও প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম কাইয়ুম অস্ত্র আইনে, আইনশৃঙ্খলা বিঘ্ন, মারামারি, ট্রেনে ভাঙচুরসহ মোট ১৫টি মামলার আসামি। এর মধ্যে ১১টি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। বাকি চারটি বিচারাধীন। পেশায় তিনি একজন ঠিকাদার। করেছেন স্নাতক পাস।
নিজের বিরুদ্ধে এতগুলো মামলা থাকা প্রসঙ্গে এস এম কাইয়ুম বলেন, ‘আমার প্রতিবাদী কণ্ঠ রুদ্ধ করার জন্য রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় বারবার হয়রানি করা হয়েছে।’
এদিকে আওয়ামী লীগের প্রার্থী মো. কামরুজ্জামান হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ মোট আটটি মামলার আসামি। এর মধ্যে ছয়টি মামলায় তিনি খালাস পেয়েছেন। হত্যা মামলা ও চাঁদাবাজির মামলা দুটি বিচারাধীন। পেশায় তিনিও ঠিকাদার। ২০১৩ সালে পলাশের ডাঙ্গা উচ্চবিদ্যালয় থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে জিপিএ-৪.২০ পেয়ে এসএসসি প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছেন। কামরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার সব কটি মামলা রাজনৈতিক। বিরোধী দলের আমলে এসব মামলা হয়রানির জন্য করা হয়েছিল।’
জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. ছাদেকুর রহমান। তিনি চুরি ও প্রতারণার তিনটি মামলার আসামি। এর মধ্যে প্রতারণার একটি মামলা চলছে। বাকি দুটি মামলায় তিনি বেকসুর খালাস পেয়েছেন। তিনি ফল ও ঔষধি গাছ রোপণ এবং ক্রয়-বিক্রয় পেশায় জড়িত। এসএসসি পাস করেছেন তিনি।
মেয়র প্রার্থীদের মধ্যে সবচেয়ে তরুণ স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তিনি ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত। মারামারি ও সরকারি কাজে বাধা আইনে সিদ্দিকুর রহমান তিনটি মামলার আসামি। সব কটি মামলায় জামিনে রয়েছেন। তিনি নরসিংদী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগে তৃতীয় বর্ষের ছাত্র।
ন্যাশনাল পিপলস পার্টির ফারজানা আক্তার। তিনি মেয়র পদে একমাত্র নারী প্রার্থী। পেশায় গৃহিণী। তিনি বিএ পাস করেছেন।
বিএনপির প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তিনবারের নির্বাচিত পরিচালক। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে প্রার্থীদের মধ্যে একমাত্র তিনিই ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পড়াশোনা করেছেন এসএসসি পর্যন্ত।
সাইফুল ইসলাম বলেন, ‘আশা করছি, ভোটাররা সবকিছু বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবেন।’ নির্বাচন শুরুর আগেই ক্ষমতাসীনেরা বিভিন্নভাবে হয়রানি শুরু করেছে বলে অভিযোগ করেছেন এই মেয়র প্রার্থী।