চার মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গতকাল বুধবার একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। একই দিন বরগুনার আমতলী উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: নগরকান্দার ডাঙ্গি বাজার এলাকায় গতকাল সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন বাসমালিক মো. শাহীন মিয়া (৩৫) ও স্ট্যাম্প ভেন্ডার মো. ইসমাইল (৪০)। তাঁদের বাড়ি ভাঙ্গা পৌর এলাকার চৌধুরীকান্দা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে শাহীন মিয়া ও ইসমাইল ফরিদপুরের দিকে আসছিলেন। ডাঙ্গি বাজার এলাকায় একটি টেম্পোকে পাশ কাটানোর সময় মোটরসাইকেলটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে তাঁরা নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার হাসান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা এলাকায় গতকাল বেলা ১১টার দিকে ট্রাফিক চেকপোস্টে পুলিশের সংকেত পেয়ে চালক মোটরসাইকেলটি থামান।
এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী জালাল (৩৫) ও সিদ্দিক নিহত হন। তাঁদের বাড়ি উপজেলার বাদুরগাছ গ্রামে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানান, পুলিশের থামানোর সংকেত পেয়ে চালক মোটরসাইকেলটি ঘুরিয়ে পালাবার সময় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।