চার মোবাইল ফোন কোম্পানি থেকে ৭৫০ কোটি টাকা আদায় হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চারটি মোবাইল ফোন কোম্পানির কাছ থেকে প্রায় ৭৫০ কোটি টাকার রাজস্ব আদায় করতে না পারায় সংশ্লিষ্ট সংসদীয় কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।গতকাল রোববার সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পরসভাপতি মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।অভিযুক্ত চারটি কোম্পানি হচ্ছে: গ্রামীণফোন লিমিটেড, টি এম ইন্টারন্যাশনাল (বর্তমানে রবি), প্যাসিফিক বিডি টেলিকম লিমিটেড (সিটিসেল) এবং সেবা টেলিকম প্রাইভেট লিমিটেড (বর্তমানে বাংলালিংক)।সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে এনবিআরের চেয়ারম্যান উপস্থিত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে কমিটি। পরবর্তী বৈঠকে উপস্থিত না হলে তাঁর বিরুদ্ধে সংসদ অবমাননার অভিযোগ আনা হবে বলে কমিটি সূত্র জানায়।বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, ২০০৬ সালের আগস্ট মাস থেকে ২০০৭ সালের মার্চ পর্যন্ত চারটি মোবাইল ফোন কোম্পানি সিমকার্ড ও রিমকার্ডের বিক্রয়মূল্যের ওপর সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করেনি। এতে সরকারের ৭৪১ কোটি ৬১ লাখ ৪৩ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। এই টাকা কেন আদায় করা হয়নি, কমিটি তিন মাসের মধ্যে এনবিআরের কাছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে।বৈঠকের পর মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, ‘কমিটি বিশ্লেষণ করে দেখেছে এনবিআর চারটি মোবাইল ফোন কোম্পানির কাছ থেকে রাজস্ব আদায় করেনি। তারা বলছে, উচ্চ আদালতের একটি আদেশের কারণে এই কর আদায়ের প্রক্রিয়া স্থগিত আছে। কিন্তু তা ঠিক নয়। ওই সময় করা রিটটি আপিল বিভাগ স্থগিত করে দেয়। ট্যারিফ মূল্যের আদেশটি বাতিল করা হয়নি।’এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে উল্লেখ করা হয়, ব্যাংকসহ ৫০টি প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণকারীর উৎসে মূল্য সংযোজন কর না কাটায় সরকারের ২০৬ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। কমিটি আগামী তিন মাসের মধ্যে ওই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে টাকা আদায়ের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠান কম বিক্রির হিসাব দেখিয়ে ভ্যাট দেওয়ায় সরকারের ৪৫ কোটি ৪৭ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এই ক্ষতির সঙ্গে জড়িত সিমেক্স সিমেন্ট বাংলাদেশ, মীর সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, বিআইএসএফ লিমিটেড এবং বাটা শু কোম্পানি লিমিটেডের কাছ থেকে তিন মাসের মধ্যে এই টাকা আদায়ের ব্যবস্থা নিতে বলা হয়েছে।