চার যুগেও এমপিওভুক্ত না হওয়ায় বিপাকে শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয়সংখ্যক ভবন আছে। আছে পর্যাপ্ত জায়গা। শিক্ষার্থীরাও জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করছে। এ রকম সব ধরনের শর্ত পূরণ করা সত্ত্বেও এমপিওভুক্ত হয়নি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ্চবিদ্যালয়। সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা না পেয়ে এ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালে ঝিনাইগাতীর গারো পাহাড়সংলগ্ন মরিয়মনগর এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী ৪২০, শিক্ষক ১৩ এবং কর্মচারী একজন। প্রায় দুই একর জমির ওপর প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে একটি তিনতলা ও একটি টিনশেড ভবন আছে। ভবনগুলোতে আসবাবপত্রও আছে পর্যাপ্ত। আছে শিক্ষার্থীদের জন্য বিশাল খেলার মাঠ। কিন্তু প্রতিষ্ঠার দীর্ঘ চার যুগ পরও বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়নি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের (এসএমসি) সভাপতি ও মরিয়মনগর খ্রিশ্চিয়ান মিশনের ফাদার সুবল খুজুর বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের পাঠদানসহ শিক্ষার গুণগত মান বজায় রেখেছে। শিক্ষার্থীরাও পাবলিক পরীক্ষায় ভালো ফল করছে। তথাপি প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় এর শিক্ষক-কর্মচারীরা আর্থিক-সংকটে দিন কাটাচ্ছেন।

প্রধান শিক্ষক অঞ্জন আরেং প্রথম আলোকেবলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে সাংসদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এটি এমপিওভুক্ত করার আশ্বাস দিয়েছেন। কিন্তু তা আজও বাস্তবায়িত হয়নি। এমপিওভুক্ত না হওয়ায় বিদ্যালয়ে দীর্ঘ কর্মজীবন শেষে অনেক শিক্ষক শূন্য হাতে অবসরে গেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ার যোগ্য একটি প্রতিষ্ঠান। এই এলাকার ছেলেমেয়েদের লেখাপড়া ও শিক্ষার মানোন্নয়নে প্রায় অর্ধশত বছর ধরে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তাই সার্বিক বিচারে অগ্রাধিকার ভিত্তিতে এটি এমপিওভুক্ত হওয়া উচিত।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সাংসদ এ কে এম ফজলুল হক প্রথম আলোকেবলেন, ২০১০ সালের পর বর্তমান সরকারের আমলে কোনো মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। শিগগিরই সরকার যোগ্যতার ভিত্তিতে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কাজ শুরু করবে। এ কাজ শুরু হলে অবশ্যই উচ্চবিদ্যালয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।