চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার এক মামলায় গ্রেপ্তার চার যুবকের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। তাঁরা হলেন পিয়াল শর্মা, অজয় সরকার, নয়ন দত্ত ও অনুভব মজুমদার। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে ওই মামলায় পুলিশের রিমান্ড আবেদনের শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী এসব আদেশ দেন।
৬ ডিসেম্বর সন্ধ্যায় ঐক্যবদ্ধ সনাতন সমাজের ব্যানারে মানববন্ধন থেকে কিছু উচ্ছৃঙ্খল যুবক প্রেসক্লাবে হামলা, ভাঙচুর এবং সাংবাদিকদের লাঞ্ছিত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে চার যুবককে আটক করে। এই ঘটনায় পরদিন চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং আক্রান্ত সাংবাদিকদের পক্ষে রমেন দাশ গুপ্ত বাদী হয়ে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, চার যুবককে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের পক্ষে পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য কাল (আজ) দিন ধার্য করেছেন আদালত। এ ছাড়া দুটি মামলায় দ্রুত বিচার আইনের ধারা সংযোজনের জন্য বাদীরা আবেদন করেছেন। আদালত তদন্তে প্রমাণ পেলে এই ধারা সংযুক্ত করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
এদিকে গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য। তিনি প্রেসক্লাবে হামলার ঘটনার নিন্দা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সাংবাদিকদের।