নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে গতকাল শুক্রবার ছাত্রলীগ নামধারী চারজন যুবকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার ওই চারজনকে পুলিশের কাছে সোপর্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।পুলিশ জানায়, ওই চার যুবককে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।সূত্রের ভাষ্যমতে, গত বুধবার স্কুলে যাওয়ার পথে উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণীর এক ছাত্রীকে ছাত্রলীগ নামধারী শাহজালাল (২২), মো. শাহীন (২১), ফয়সাল মিয়া (২৩) ও মেহেদী হাসান (২১) উত্ত্যক্ত করেন। এ সময় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দুজন ছাত্র এর প্রতিবাদ করলে বখাটেরা তাঁদের পিটিয়ে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বখাটেদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে ইউএনও সাগরিকা নাসরিন এলাকাবাসীকে নিয়ে সালিস বৈঠকে বসেন। পরে তিনি ওই চার বখাটে যুবককে পুলিশে সোপর্দ করেন।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহম্মেদ প্রথম আলোকে বলেন, গতকাল তিনি বাদী হয়ে ওই চার বখাটের বিরুদ্ধে নারীর প্রতি অশোভন আচরণ ও নারীর মর্যাদাহানির অভিযোগে মামলা করেছেন। তিনি জানান, গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদ বলেন, আটক যুবকদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।