চার যুবকের সাঁকো

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতু নির্মাণ করলে ব্যয় হতো প্রায় পাঁচ কোটি টাকা। সময় লাগত দেড় বছর। কিন্তু স্বেচ্ছাশ্রমে মাত্র ১০ দিনে ৮৭ হাজার টাকায় বাঁশের একটি সাঁকো বানিয়েছেন গাইবান্ধার চার যুবক।
উদ্যমী যুবকদের ক্ষুদ্র এই উদ্যোগের সুফল ভোগ করছেন গাইবান্ধা সদর উপজেলার কয়েক হাজার মানুষ। যুবকদের বাড়ি উপজেলার কিশামত বালুয়া গ্রামে।
খোলাহাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম বলেন, ‘আমি জনপ্রতিনিধি হয়ে যে কাজ করতে পারিনি, চার যুবক সেটি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
ঘাঘট নদের ওপর তৈরি এই সাঁকোটি দিয়ে প্রতিদিন তিনটি ইউনিয়নের সহস্রাধিক লোক, কয়েক শ মোটরসাইকেল ও রিকশাভ্যান পার হচ্ছে। আগে ওই সব মানুষকে পাঁচ কিলোমিটার ঘুরে জেলা শহরে যেতে হতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোলাহাটি ইউনিয়নের কিশামত বালুয়া গ্রামের মানুষকে শহরে যেতে হলে ভেড়ামারা রেলসেতু পার হয়ে বা পাঁচ কিলোমিটার ঘুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক ধরে যেতে হতো। শুধু এ গ্রামের মানুষই নন, সদর উপজেলার খোলাহাটি, কুপতলা ও লক্ষ্মীপুর ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ মোটরসাইকেল ও সাইকেলে রেলসেতুটি পার হয়ে শহরে যেতেন। এটি পার হওয়ার সময় প্রায় প্রতিদিন দুর্ঘটনার খবর পাওয়া যেত।
এসব দেখে গ্রামের যুবক ওষুধ ব্যবসায়ী আবদুল লতিফ (৩৩) গত অক্টোবরে নদীর ওপর বাঁশের সাঁকো তৈরির পরিকল্পনা করেন। বিষয়টি নিয়ে তিনি ও তাঁর তিন বন্ধু একই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সাইদুর রহমান (৩২), বৈদ্যুতিক মিস্ত্রি এরশাদ মিয়া (২৬) এবং কলেজছাত্র ফরিদ মিয়ার সঙ্গে (২৪) পরামর্শ করেন। আবদুল লতিফ বলেন, ঘাঘট নদের ওপর সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন এলজিইডি বরাবর আবেদন জানিয়েও কাজ হয়নি। তাই দুর্ঘটনা রোধে স্বেচ্ছাশ্রমে সাঁকোটি নির্মাণের চিন্তা করেন তাঁরা।
উদ্যোক্তারা প্রথমে খোলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অনুমতি নেন। পরে আবদুল লতিফসহ সবাই গ্রামের মানুষকে সাঁকোর উপকারিতার কথা বোঝান। এরপর তাঁরা গ্রামের মানুষের কাছ থেকে বাঁশ সংগ্রহ করেন। রশি ও লোহা কেনার জন্য ১০ থেকে ১০০ টাকা আর্থিক সহায়তা নেন। কিছু বাঁশ সংগ্রহ করে গত ১৬ নভেম্বর কাজ শুরু করেন। কাজের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খাঁন ও খোলাহাটির ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম খলিল। এভাবে ধীরে ধীরে তাঁরা চার হাজার ৬০০ টাকা মূল্যের ২০৩টি বাঁশ এবং নগদ সাত হাজার ৭১০ টাকা সংগ্রহ করেন। পরে ওই সাত হাজার টাকা দিয়ে ২৫ কেজি প্লাস্টিকের রশি, ১৯ কেজি লোহা এবং ১০ কেজি জিআই তার কেনেন।
এরপর স্থানীয় কয়েকজনের সহায়তায় ১০ দিনের স্বেচ্ছাশ্রমে ২৬ নভেম্বর ১৪৭ ফুট দীর্ঘ ও সাত ফুট প্রস্থের সাঁকোটির কাজ শেষ করেন তাঁরা। এতে মোট খরচ হয় ৮৭ হাজার ৭১০ টাকা। ওই জায়গায় পাকা সেতু নির্মাণে প্রায় পাঁচ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছিলেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন।
উদ্যোক্তা ফরিদ আহমেদ ও এরশাদ মিয়া জানালেন, এখন সদর উপজেলার তিনটি ইউনিয়ন ছাড়াও পাশের সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া, নলডাঙ্গা, সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা, বামনডাঙ্গা এবং রামজীবন ইউনিয়নের মানুষও এ পথ দিয়ে যেতে পারবেন।
সদর উপজেলার কুপতলা গ্রামের স্কুলশিক্ষক শফিকুল ইসলাম বলেন, তিনি প্রতিদিন রেলসেতু দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করেন। সম্প্রতি সেখানে মোটরসাইকেল নিয়ে ওঠার পর ট্রেন এসে যায়। সেটি নদীতে ফেলে দিয়ে লাফিয়ে তিনি রক্ষা পান। এখন তিনি সাঁকো দিয়ে যাতায়াত করছেন।
উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কলেজছাত্র মাহবুবর রহমান বলেন, গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক ধরে কলেজে যেতে হয় বলে রেলসেতুর ওপর দিয়ে যেতেন। এখন নিরাপদে সাঁকো দিয়ে যাচ্ছেন।