চার রোগনির্ণয় প্রতিষ্ঠানকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (রাসায়নিক উপাদান) ব্যবহার করে রোগনির্ণয়ের পরীক্ষা করার দায়ে রাজধানীর চারটি প্রতিষ্ঠানকে গতকাল মঙ্গলবার ছয় লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের পৃথক ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলো হলো, দেশ ডায়াগনস্টিক সেন্টার, গ্রিন ল্যাব, ল্যাব স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ও উপশম হেলথ পয়েন্ট প্রাইভেট লিমিটেড।
র্যাব সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত লালবাগের দেশ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত সেখানে দেখতে পান মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে রোগনির্ণয়ের পরীক্ষা করা হচ্ছে। এসবের পর আবার ভুয়া চিকিৎসক রোগনির্ণয়পত্রে সই করে প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিষ্ঠানটির মালিক আসাদুল্লাহ (৩২) এর কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি ক্ষমা প্রার্থনা করায় আদালত তাঁকে দুই লাখ টাকা জরিমানা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় গ্রিন ল্যাব ডায়াগনস্টিক সেন্টার এবং ল্যাব স্ক্যান ডায়াগনস্টিক সেন্টারে একই ধরনের অপরাধ দেখতে পান। ভ্রাম্যমাণ আদালত গ্রিন ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের মালিক আমজাদ হোসেনকে (৪৮) এক লাখ টাকা ও ল্যাব স্ক্যান ডায়াগনস্টিক সেন্টারের মালিক দিপুকে (২২) এক লাখ টকা জরিমানা করেন।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা এই অভিযানে র্যাব-১০-এর একটি দল ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, জরিমানার চার লাখ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
বেলা তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত বারিধারার জে ব্লকে উপশম হেলথ পয়েন্ট প্রাইভেট লিমিটেডে অভিযান চালান। এখানেও ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে রোগীর রোগনির্ণয়ের পরীক্ষা করা হচ্ছে। এই প্রতিষ্ঠান চালাতে কোনো লাইসেন্স করা হয়নি। প্রশিক্ষণ না নিয়েই নার্সরা দায়িত্ব পালন করছেন। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেন আদালত। অভিযানে র্যাব-১-এর একটি দল ও স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা অংশ নেন।