চার লক্ষাধিক টাকা ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান কর্মসূচির জন্য বরাদ্দ থেকে চার লক্ষাধিক টাকা ফেরত গেছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় বিভিন্ন কারণে এই টাকা ফেরত গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছরে কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আওতায় সেলবরষ ইউনিয়নে আট লাখ ৭০ হাজার টাকা, সদর ইউনিয়নে আট লাখ ৮২ হাজার, পাইকুরাটি ইউনিয়নে নয় লাখ, মধ্যনগর ইউনিয়নে আট লাখ ৩৪ হাজার, চামরদানী ইউনিয়নে সাত লাখ ৪৪ হাজার, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে সাত লাখ ৯২ হাজার, বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে নয় লাখ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে ছয় লাখ ৬০ হাজার, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে সাত লাখ ৮০ হাজার, জয়শ্রী ইউনিয়নে সাত লাখ ৮০ হাজার টাকাসহ মোট ৮১ লাখ ৪২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।প্রতিটি ইউনিয়নে সুষ্ঠুভাবে কাজ তদারকি করার জন্য একজন করে প্রশাসনের কর্মকর্তা নিয়োজিত করা হয়। এতে উপকারভোগী শ্রমিকের সংখ্যা ছিল এক হাজার ৩৫৭ জন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বিভিন্ন সমস্যা থাকায় এর মধ্যে একাধিক ইউনিয়নের কয়েকটি প্রকল্পকাজ সম্পন্ন না হওয়ায় চার লাখ পাঁচ হাজার টাকা ফেরত গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূর আহমেদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, প্রকল্পকাজগুলো সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। তবে কিছুসংখ্যক প্রকল্প কাজে শ্রমিকেরা বিভিন্ন কার্যদিবসে অনুপস্থিত থাকা এবং কয়েকটি প্রকল্পকাজ পুরো সম্পন্ন না হওয়ায় চার লাখ পাঁচ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।