চার লাখ টাকা চান শিক্ষক, প্রার্থী দিতে চান দেড় লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের নৈশপ্রহরী পদে চার লাখ টাকার বিনিময়ে লোক নিতে চান প্রধান শিক্ষক। চাকরিপ্রার্থীর বড় ভাই দিতে চান দেড় লাখ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথোপকথনটি রেকর্ড করা হয়েছে। ঘটনাটি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ২০ নম্বর হরিল্যাখুর শহীদ মিজানুর রহমান (এসআর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম মতিনুর রহমান। তিনি নবাবগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতিরও সভাপতি। চাকরিপ্রার্থীর বড় ভাইয়ের নাম এ কে এম নুরুন্নবী। তিনি ওই বিদ্যালয়েরই প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা মমতাজুর রহমানের বড় ছেলে। গত ৩০ জানুয়ারি নুরুন্নবীর সঙ্গে মুঠোফোনে প্রধান শিক্ষকের কথোপকথন হয়:
প্রধান শিক্ষক: ‘পয়সাকড়ি ছাড়া কিছু করা সম্ভব না...মানসে যা দেয় তার চেয়ে দশ, বিশ পঞ্চাশ হাজার কমি দেও। তাও কিন্তু পয়সাকড়ি ছাড়া সম্ভব হবি না।
নুরুন্নবী: আমি লাখ দেড়েক টাকার ব্যবস্থা করে দেমো।
প্রধান শিক্ষক: এ্যা...কত?
নুরুন্নবী: দেড় লাখ।
প্রধান শিক্ষক: তালে অন্য সাইডে দেখো। আমার পক্ষে সম্ভব নয়।
নুরুন্নবী: কেন ভাই?
প্রধান শিক্ষক: যেখানে মুক্তিযোদ্ধারা পাঁচ লাখ টাকা নিয়ে ঘুরতিছে, সেখানে তুমি দেড় লাখ! তুমি ৫০ হাজার কম দেও, এক লাখ কম দেও। সেখানে দেড় লাখের কথা কীভাবে তুমি কও?
নুরুন্নবী: না, তার পরও আমি বললাম, যেটা আমার সামর্থ্য।
প্রধান শিক্ষক: না না, আমার দ্বারা সম্ভব নয়।
নুরুন্নবী: তো কত হলে পারবেন?
প্রধান শিক্ষক: শুন নরুন্নবী...তোমাদের পরিবার সম্পর্কে আমি জানি। ছয় লাখের দরকার নাই, পাঁচ লাখেরও দরকার নাই, চার লাখ তো দেও। বোর্ডে তিন লাখ টাকা দিতে হবে।
নুরুন্নবী: কোন বোর্ড?
প্রধান শিক্ষক: প্রশাসন বোর্ড। এমপি, উপজেলা চেয়ারম্যান, টিএনও-ফিএনও, দলটল যা আছে সব।
নুরুন্নবী মুঠোফোনে রেকর্ড করা এই কথোপকথনটি সম্প্রতি এ প্রতিবেদককে দেন। ১১ মার্চ ওই পদে অন্য এক ব্যক্তি নিয়োগ পেয়েছেন। মমতাজুর রহমান বলেন, যে দেশের জন্য তাঁরা জীবনবাজি রেখে যুদ্ধ করলেন, নিজের জমি দিয়ে যে বিদ্যালয় তাঁরা প্রতিষ্ঠা করলেন, সে বিদ্যালয়ে সামান্য নৈশপ্রহরী পদে চাকরির জন্য চার লাখ টাকা ঘুষ না দেওয়ায় তাঁর সন্তানের চাকরি হয়নি। এ ঘটনায় তিনি ১৮ মার্চ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। মন্ত্রীর কাছে কথোপকথনের রেকর্ডটিও জমা দিয়েছেন।
অবশ্য মতিনুর রহমান অডিও রেকর্ডটি তাঁর নয় বলে দাবি করেছেন। তিনি বলেন, এসব বাণিজ্যের সঙ্গে তিনি জড়িত নন। এসব নিয়োগ-বাণিজ্যের সঙ্গে দলীয় নেতা-কর্মীরা জড়িত।
মন্ত্রী স্থানীয় সাংসদ শিবলী সাদিককে অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন। সাংসদ শিবলী সাদিক প্রথম আলোকে জানান, তিনি অভিযোগের সত্যতা পেয়েছেন। মতিনুর রহমানসহ কয়েকজন শিক্ষক ও নবাবগঞ্জ থেকে সদ্য বদলি হওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামানের যোগসাজশে ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগে কোটি টাকার বাণিজ্য হয়েছে। এসব নিয়োগ বাতিলের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবেন।