প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের উত্তর কাজীটুলার শাহি ঈদগাহ এলাকায় সিটি করপোরেশনের ট্রাক ব্যবহার করে টিলা কাটার দায়ে মালিক এমরান সালামকে চার লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন। ‘সিলেটে সিটি করপোরেশনের নামে টিলা কাটার কাজ!’ শিরোনামে ১৮ নভেম্বর প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে পরিবেশ অধিদপ্তরের একটি পরিদর্শক দল সরেজমিন অনুসন্ধান করে টিলা কাটার সত্যতা পায়। কাজ বন্ধ করে দিয়ে টিলা মালিক এমরান সালামকে নোটিশ দেওয়া হয়। পরিবেশ অধিপ্তরের কোনো অনুমতি না নিয়েই টিলা কাটার অভিযোগে তাঁকে চার লাখ টাকা জরিমানা করা হয়। বুধবারই ব্যাংকের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করেছেন বলে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী প্রথম আলোকে নিশ্চিত করেন।