চার লাখ বই পৌঁছায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সোমবার পর্যন্ত সব বই বুঝে পায়নি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ১৩ লাখ ৬৬ হাজার ৭৯৪টি বইয়ের চাহিদা রয়েছে। গতকাল পর্যন্ত ৯ লাখ ৬৭ হাজার ৪৪৩টি বই পাওয়া গেছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির লক্ষ্মীপুর জেলা শাখার যোগাযোগ সম্পাদক ও রায়পুর উপজেলার সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুউদ্দিন আহম্মেদ জানান, তাঁর স্কুলে পঞ্চম শ্রেণির বাংলা, সমাজ, বিজ্ঞান, চতুর্থ শ্রেণির বিজ্ঞান, তৃতীয় শ্রেণির বিজ্ঞান ও বাংলা বই পাওয়া যায়নি।
রামগতি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মধ্য আলেকজান্ডার দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জাফর আহম্মদ জানান, তাঁর বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সমাজ, চতুর্থ শ্রেণির বিজ্ঞান, দ্বিতীয় শ্রেণির বাংলা ও গণিতের বই এখনো পাওয়া যায়নি। বই না পাওয়াতে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি জানান।
কমলনগর উপজেলার কে হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান সেলিম জানান, কমলনগর উপজেলায় ৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কোনো স্কুলেই সব শ্রেণির পুরো বই পৌঁছায়নি।
লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগাখা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তারেক হোসেন জানান, দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির ইংরেজি বই ছাড়া অন্য কোনো বই পাওয়া যায়নি। ওই বিদ্যালয়ের সভাপতি মো. জহিরুল ইসলাম জানান, বছরের শুরুতে বই না পেলে শিক্ষার্থীরা মন খারাপ করে। এর প্রভাব পড়ে লেখাপড়ায়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির লক্ষ্মীপুর জেলার সভাপতি আবুল বাশার জানান, জেলার বেশির ভাগ স্কুলের শিক্ষার্থী সব বই এখনো পায়নি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম জানান, বইয়ের ঘাটতি রয়েছে। বই পেলে তা দ্রুত সব স্কুলে পৌঁছে দেওয়া হবে।