চার লাখ মানুষের সেবায় ভরসা একজন চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দায় কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই। ফলে উপজেলার চার লাখের বেশি মানুষের ভরসা একটি পল্লি দাতব্য চিকিৎসাকেন্দ্র। সেখানে চিকিৎসক আছেন মাত্র একজন। নেই চিকিৎসার মৌলিক সুবিধাগুলোও।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০১০ সালে ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় তারাকান্দা উপজেলা। ২০১২ সালের তথ্য মোতাবেক, এখানে ৪ লাখ ১২ হাজারের বেশি মানুষের বাস। উপজেলা গঠনের ছয় বছর পার হলেও একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পায়নি তারা। ফলে পুরো উপজেলায় এখন সরকারি চিকিৎসাসেবার জন্য কার্যত তারাকান্দা শহরে অবস্থিত পল্লি দাতব্য চিকিৎসাকেন্দ্রের ওপর সবাই নির্ভরশীল। উপজেলায় ৩৪টি কমিউনিটি চিকিৎসাকেন্দ্র থাকলেও কোনোটিতেই চিকিৎসক নেই। এর বাইরে উপজেলার কাশিগঞ্জ বাজারে একটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র আছে। সেখানে একজন চিকিৎসক আছেন। তবে কেন্দ্রটি নেত্রকোনা জেলার সীমান্তে অবস্থিত হওয়ায় তারাকান্দার খুব কম মানুষেরই সেটি কাজে আসে।
১৯ জানুয়ারি বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, পল্লি দাতব্য চিকিৎসাকেন্দ্রে মোট তিনটি কক্ষ রয়েছে। এর মধ্যে দুটি চিকিৎসা কক্ষ; অপরটি রোগীদের অপেক্ষার কক্ষ। একটি কক্ষে বসে রোগীদের সেবা দিচ্ছিলেন চিকিৎসা কর্মকর্তা ইফতেখার হায়দার। দুপুর ১২টার মধ্যে ছয়জন রোগী সেবা নিতে তাঁর কক্ষে গেলেন। তাঁদের মধ্যে একজন কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে গেলেন।
স্থানীয় বাসিন্দা জোবায়ের আহমেদ বললেন, অসুস্থ হলে উপজেলার অনেকেই এ কেন্দ্রে ছুটে আসে। পরে তারা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যায়। কারণ, এখানে জ্বর-সর্দির ওষুধ ছাড়া কিছুই পাওয়া যায় না।
খোঁজ নিয়ে জানা গেল, এ পল্লি দাতব্য চিকিৎসাকেন্দ্র ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে পরিচালিত হয়। চিকিৎসা কর্মকর্তা ইফতেখার হায়দার মূলত ওই স্বাস্থ্য কমপ্লেক্সেরই চিকিৎসক। তিনি ছাড়া এখানে দুজন উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন। শুক্রবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শুধু বহির্বিভাগে রোগীদের চিকিৎসা দেওয়া হয়। কোনো জরুরি বিভাগ নেই। প্রতিদিন গড়ে ৭০-৮০ জন রোগী আসে। তাদের নামমাত্র ওষুধ দেওয়া হয়।
ইফতেখার হায়দার বলেন, তারাকান্দা উপজেলা হওয়ায় অনেকের ধারণা, এই কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো সেবা পাওয়া যাবে। ফলে এখানে সব সময় রোগীর চাপ বেশি থাকে। কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না। তারাকান্দাবাসীর জন্য একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বলে মনে করেন তিনি।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিমল কুমার পাল বলেন, ‘যত দূর জানি, তারাকান্দায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোগীর চাপ সামলাতে স্থানীয় সাংসদ ওই পল্লি দাতব্য চিকিৎসাকেন্দ্রে একটি বাড়তি কার্যালয় বানিয়ে দিয়েছেন। সেখানে আমরা অতিরিক্ত দুজন চিকিৎসক দেব। আশা করি, দ্রুতই এটি কার্যকর হবে।’