চার লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর দাবিতে বিক্ষোভ
মিয়ানমারের রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাসকারী প্রায় চার লাখ রোহিঙ্গাকে দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে গতকাল বুধবার উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের বাইরে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। পরে সংবাদ সম্মেলন করে তারা আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে। এসব দাবি না মানলে তারা কঠোর আন্দোলনের মাধ্যমে কক্সবাজার অচল করে দেওয়ার হুমকি দেয়। রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন আন্দোলন কমিটির ব্যানারে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসী জানায়, বেলা ১১টায় স্থানীয় শত শত লোক ওই শরণার্থী শিবিরের বাইরে (প্রধান সড়কে) মানববন্ধন করে। এ সময় রোহিঙ্গা অনুপ্রবেশবিরোধী স্লোগানসংবলিত নানা ফেস্টুন ব্যবহার করা হয়। এর আগে উখিয়া-টেকনাফ সড়কে রোহিঙ্গা অনুপ্রবেশবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। দুপুর ১২টায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে ওই কমিটির আহ্বায়ক ও উখিয়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান, টেকনাফ, উখিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন স্থানে বর্তমানে চার লাখের বেশি রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছে। রোহিঙ্গারা শ্রমবাজার দখলের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই, ইয়াবাসহ মাদক পাচার, অস্ত্র ব্যবসা ও জঙ্গি তৎপরতায় জড়িত। এখন নতুন করে আরও কয়েক লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের কক্সবাজারে নিয়ে আসার চক্রান্ত করছে দেশি-বিদেশি একটি চক্র। হামিদুল হক চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় এলে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এখনো তারা রোহিঙ্গা অনুপ্রবেশের দাবি জানাচ্ছে। জেলার প্রায় ২৩ লাখ মানুষ আর একজন রোহিঙ্গাকেও এ দেশে ঢুকতে দেবে না। সংবাদ সম্মেলনে রোহিঙ্গাকে দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে আট দফা ঘোষণা করা হয়। এ সময় রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন আন্দোলন কমিটির সদস্যসচিব নুর মোহাম্মদ সিকদার, উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো. হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুসন্ধানে জানা গেছে, গতকাল বিশ্ব শরণার্থী দিবস হলেও কুতুপালং ও টেকনাফের নয়াপাড়া দুটি শরণার্থী শিবিরে বিশেষ এই দিবসটি পালিত হয়নি। এই দুটি শিবিরে ২৫ হাজার ৩২৫ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে। কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ইনচার্জ জালাল উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেন।