চার লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল
কক্সবাজারের আটটি উপজেলার ৪ লাখ ২২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১৪ নভেম্বর থেকে চার দিন জেলার ১ হাজার ৯৫১টি টিকাদান কেন্দ্রে শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যু ও ঝুঁকি কমান’।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সিভিল সার্জন কমর উদ্দিন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, জন্মের পর শিশুকে শাল দুধ খাওয়াতে হয়। কুসংস্কারের কারণে গ্রামপর্যায়ে এ কাজটি ঠিকমতো হচ্ছে না। এ কারণে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো জরুরি। নইলে শিশুরা অন্ধত্বসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। অনেক শিশু রোগপ্রতিরোধ ক্ষমতাও হারিয়ে ফেলে। বাংলাদেশে ভিটামিন ‘এ’-এর অভাবে ২৪ শতাংশ শিশু মারা যাচ্ছে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর শিশুমৃত্যুর হার কমাতে বছরে দুবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করছে।
সিভিল সার্জন কমর উদ্দিন জানান, ৬ মাস থেকে ১১ মাসের ৫৬ হাজার ৬১৮ শিশুকে খাওয়ানো হবে নীল রঙের একটি করে ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাসের ৩ লাখ ৬৬ হাজার ৩৫০ শিশুকে খাওয়ানো হবে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। ২১৯ জন তত্ত্বাবধায়কের অধীনে ৫ হাজার ৪০৭ জন স্বাস্থ্যকর্মী ক্যাপসুল খাওয়ানোর কাজে যুক্ত থাকবেন। এ ছাড়া কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের শিশুদের ক্যাপসুল খাওয়ানোর জন্য স্থাপন করা হয়েছে ২৭টি ভ্রাম্যমাণ কেন্দ্র।
সভায় শিশু দেহে ভিটামিন ‘এ’-এর ভূমিকা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অং সা প্রু চৌধুরী। বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম।
মহিউদ্দিন মো. আলমগীর বলেন, শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কারণে গত বছর দেশের মধ্যে কক্সবাজারের অবস্থান ছিল শীর্ষে। এবারও সেই সফলতা ধরে রাখার জন্য জেলার সব শিশুকে ক্যাপসুল খাওয়াতে হবে। এ জন্য গণমাধ্যমেরও সহযোগিতা চান তিনি।