পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা সমুদ্রবন্দর থেকে একই উপজেলার রজপাড়া পর্যন্ত চার লেন সংযোগ সড়কের উন্নয়নকাজের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পায়রা বন্দর প্রান্তে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উন্নয়নকাজের আনুষ্ঠানিক সূচনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় সাংসদ মো. মাহবুবুর রহমান, নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, পায়রা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর মো. সাইদুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়সহ পটুয়াখালী জেলা এবং কলাপাড়া উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিফলক উন্মোচনের আগে মন্ত্রীর কাছে সড়কটির সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ক্যাপ্টেন এম মুনিরুজ্জামান। পরে মন্ত্রী সংযোগ সড়কের পায়রা বন্দর প্রান্তে গাছের একটি চারা রোপণ করেন।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে এ সংযোগ সড়কটি নির্মাণ করা হচ্ছে। পায়রা বন্দর থেকে রজপাড়া পর্যন্ত এ সড়কটির দৈর্ঘ্য ৫ দশমিক ৬০ কিলোমিটার। এ সড়ক নির্মাণে ব্যয় হবে ২৫৪ কোটি ৫১ লাখ টাকা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এ সড়ক নির্মাণের কাজ শেষ হওয়ার কথা। ইতিমধ্যে সড়কটির জন্য ৫৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সড়কটির নির্মাণকাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে করার জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কুয়াকাটা থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল যাত্রী পরিবহন বাস সার্ভিসের উদ্বোধন করেন।