দুর্ঘটনা এড়াতে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে সিলেট কল্যাণ সংস্থা নামে একটি সামাজিক সংগঠন। গতকাল মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন চলাকালে সমাবেশ থেকে মহাসড়ক চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি বলে নেতারা অভিহিত করেন।মানববন্ধন চলাকালে সমাবেশে বলা হয়, গত শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজনীতিবিদ-মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমসহ আট যাত্রী অকালে প্রাণ হারান। তাঁর দাফন অনুষ্ঠানে সরকারের মন্ত্রী ও সরকারদলীয় নেতারা উপস্থিত হয়ে দুর্ঘটনা এড়াতে মহাসড়ক চার লেন করার দাবির যৌক্তিকতা তুলে ধরেন।গতকাল সিলেট কল্যাণ সংস্থার মানববন্ধন চলাকালে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সিলেট নগর উন্নয়ন কমিটির সাবেক চেয়ারম্যান আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। সড়ক দুর্ঘটনায় বিগত দিনে যেভাবে আমরা সিলেটের রত্নগর্ভা সন্তানদের হারিয়েছি, আর যাতে অকালে কোনো প্রাণ হারাতে না হয়, সে জন্য ঢাকা-সিলেট চার লেন ডিভাইডার স্থাপন বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি।’ সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি এ এম শিহাব উদ্দিনের সভাপতিত্বেও সমাবেশে ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক মহিলা কাউন্সিলর কুহিনুর ইয়াছমিন, সিলেট কল্যাণ সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এহসানুল করিম ও মানববন্ধনে গ্রিন সিলেট সামাজিক সংস্থার সভাপতি মুনাজ্জির হোসেন, ফ্রেন্ডস পাওয়ার স্পোর্টিং ক্লাবের সভাপতি রকি দেবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন।