চার লেনে উন্নীত হবে ঢাকা-আরিচা মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-আরিচা মহাসড়ককে চার লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে মন্ত্রী মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নবনির্মিত বাংলো উদ্বোধন শেষে এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নবীনগর থেকে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত দুই লেনের এই মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে আগামী সেপ্টেম্বর থেকে এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে।
মানিকগঞ্জে গণপরিবহনে বিশৃঙ্খলার বিষয়ে মন্ত্রী বলেন, ‘গণপরিবহনের আগে রাস্তা করতে হবে। আমি সব সময় এখানে বিআরটিসির গাড়ি দিতে চাই। কিন্তু বেসরকারি বাসের মালিকেরা বিরোধিতা করেন। মালিক-শ্রমিকেরা রাজি হলে অবশ্যই বিআরটিসির বাস দেওয়া হবে।’
মহাসড়কের তিন চাকার গাড়ি (থ্রি-হুইলার) চলাচলের বিষয়ে মন্ত্রী বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক একসময় ছিল প্রতিদিনের মরণফাঁদ। কিন্তু সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চললে দুর্ঘটনা কমানো যাবে না। জীবন হাতে নিয়ে অটোরিকশায় না চড়তে যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।
উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে স্থানীয় সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক, সওজ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দিন উপস্থিত ছিলেন।