চার লেনে উন্নীতকরণের কাজে সন্তোষ প্রকাশ যোগাযোগ মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ পরিদর্শনে গিয়ে এর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। ওই কাজ পরিদর্শনকালে গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত নয় কিলোমিটার অংশ চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। এর মধ্যে ৬০ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া পাঁচ কিলোমিটার অংশের ৩৫ শতাংশ কাজ শেষ হয়েছে।  বাকি কাজ আগামী সেপ্টেম্বর নাগাদ শেষ হবে। জুনে বাকি চার কিলোমিটার অংশের কাজের জন্য ৬০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হবে। কাজের অর্থ বরাদ্দে কোনো সমস্যা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বছর জুনে দরপত্র সম্পন্ন হলে আগামী বছরের জুন নাগাদ ওই চার কিলোমিটার অংশের কাজও শেষ হবে। যোগাযোগমন্ত্রী বলেন, গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়ক (ফ্লাইওভার) চালু হলে এ মহাসড়কে গাড়ির চাপ বাড়বে। উড়ালসড়ক চালু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হওয়া পাঁচ কিলোমিটার অংশের কাজ সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন মাথায় রেখে সব কাজ হবে—এটা চিন্তা করা ঠিক হবে না। আসলে নির্বাচনী বছরে স্বল্পমেয়াদি যানজট নিরসনসহ কিছু কিছু   এজেন্ডা ঝুলে যায়। তাই এ বছর স্বল্পমেয়াদি কাজ খুব একটা   এগোবে বলে প্রত্যাশা করা ঠিক হবে না।

কাজের অগ্রগতি পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।