রংপুরে ১৬ কিলোমিটারের সড়ককে চার লেনে উন্নীত করার কাজ চলছে। তবে তিনটি ভবনের অংশবিশেষ না ভাঙার কারণে এক কিলোমিটার সড়কের কাজ আটকে গেছে। কর্তৃপক্ষ বলছে, ক্ষতিপূরণের টাকা নেওয়ার পরও সংশ্লিষ্ট মালিকেরা ভবনের অংশবিশেষ ভাঙছেন না।
এ ঘটনায় রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ২৩ মার্চের মধ্যে সেসব ভবনের অংশবিশেষ ভাঙার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন।
রংপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, দরপত্র অনুযায়ী ওই সড়ককে চার লেনে উন্নীত করার জন্য ১২৬ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে জমি অধিগ্রহণ, দোকানপাট ও বাড়িঘর ভাঙা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি অপসারণ এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পানির পাইপলাইন সরানোর জন্য সংশ্লিষ্টদের ৫৫ কোটি ৬২ লাখ টাকা দেওয়া হয়েছে।
সওজের রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম মূল শহরের স্থাপনা ভাঙা নিয়ে বিলম্ব হওয়ায় নগরবাসীর দুর্ভোগের কথা উল্লেখ করে বলেন, ১৬ কিলোমিটারের মধ্যে ১৫ কিলোমিটার সড়কের কাজের কোনো সমস্যা হয়নি। শহরের অনেকেই নিজ উদ্যোগে জায়গা ছেড়ে দিয়েছেন। শুধু নগরের ব্যস্ততম এক কিলোমিটারে সমস্যা দেখা দিয়েছে।
সাদেকুল ইসলাম আরও বলেন, রংপুর শহরের পায়রা চত্বর থেকে শাপলা মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়ক প্রশস্তকরণে তিনটি ভবন বাধা হয়ে দাঁড়িয়েছে। অপ্রশস্ত এই সড়কের দুই পাশে গোল্ডেন টাওয়ার, রজনীগন্ধা আবাসিক হোটেল ও শাহ বারী টাওয়ারের কিছু অংশ ভাঙা হচ্ছে না। অথচ তিন ভবনের মালিককে ক্ষতিপূরণ বাবদ প্রায় এক কোটি টাকা দেওয়া হয়েছে। এর পরও তাঁরা ভাঙছেন না। ফলে মূল শহরের মধ্যে কাজ বন্ধ রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রতি পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান এবং মেয়র সরফুদ্দীন আহমেদ একাধিক মতবনিমিয় সভা করেছেন। শহরে সড়কের উন্নয়নকাজ বন্ধ থাকার বিষয়টি নিয়ে তাঁরা আলোচনা করেন। এসব সভায় রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার শহরের পায়রা চত্বরে সিটি করপোরেশনের আয়োজনে সচেতন নাগরিকের ব্যানারে এক সভায় সিটি মেয়র বলেছেন, ২৩ মার্চের মধ্যে সেসব স্থাপনার মালিক নিজ উদ্যোগে তাঁদের ভবনের অংশ না ভাঙবেন বুলডোজার দিয়ে তা উচ্ছেদ করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী মসিউর রহমান বলেন, কয়েকজন মালিকের কারণে নগরের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
আবাসিক হোটেল গোল্ডেন টাওয়ারের মালিক শফিকুল ইসলাম বলেন, ‘সড়ক প্রশস্ত করতে হোটেলের কিছু অংশ ভেঙে ফেলা হবে। ফলে পুরো ভবনই ক্ষতিগ্রস্ত হবে। এ জন্য পুরো ভবনের ক্ষতিপূরণের দাবি জানিয়েছি।’
রজনীগন্ধা আবাসিক হোটেল মালিক ব্যবসায়ী এ কে এম মোফাখখারুল ইসলাম বলেন, ‘৬৫ ফুট সড়ক প্রশস্তকরণের পরিবর্তে ৫৬ ফুট করার দাবি জানিয়েছি। এতে করে আমার ভবন রক্ষা হবে।’
শাহ বারী টাওয়ারের মালিক শাহ মহিবুল ইসলামের মুঠোফোনে গতকাল মঙ্গলবার যোগাযোগ করলেও তিনি কথা বলতে রাজি হননি।