প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ জুলাই ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের উদ্বোধন করবেন। আর আগামী বছরের শেষ ভাগে ঢাকা-চট্টগ্রাম ২২৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তুতি শুরু হবে। গতকাল সোমবার চট্টগ্রামের ভাটিয়ারীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, আগামী ২ জুলাই বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ চার লেনের মহাসড়ক উদ্বোধন করবেন। তিনি বলেন, দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এ দুটি মহাসড়ক। এর মাধ্যমে যোগাযোগ ও সড়ক ব্যবস্থায় একটি মাইলফলক অতিক্রম করা হবে।
সড়ক পরিবহনমন্ত্রী সাংবাদিকদের বলেন, দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়কে ২৪৩টি কালভার্ট, ২৩টি ছোট-বড় ব্রিজ ও ১৪টি বাইপাসের নির্মাণকাজ শেষ হয়েছে।
গতকাল প্রকল্পের কাজ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রকল্পের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা ও প্রকল্প ব্যবস্থাপক মাসুদ করিম, পরামর্শক প্রকৌশলী আবদুস সামাদ প্রমুখ।