চার লেনের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল থেকে আড়াই কিলোমিটার সড়ক চার লেন করার কাজ প্রায় আড়াই মাস ধরে বন্ধ আছে। গত জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও বৈদ্যুতিক খুঁটিসহ অবৈধ স্থাপনা না সরানোয় ও পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ বন্ধ আছে বলে জানা গেছে। সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) রাজবাড়ী সূত্রে জানা যায়, দৌলতদিয়াঘাট বিআইডব্লিউটিসি (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা) বুকিং কাউন্টার থেকে বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত মহাসড়কের আড়াই কিলোমিটার চার লেনে উন্নীতকরণের জন্য সওজ কর্তৃপক্ষ গত বছরের ২০ জুলাই দরপত্র আহ্বান করে। আট কোটি ৯৬ লাখ ৬৮ হাজার ৭৮১ টাকার কার্যাদেশ পান ঢাকার ওয়াহিদ মিয়া (জেভি)। প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করছেন রাজবাড়ীর আমজাদ হোসেন ও আজিজুল ইসলাম। গত বছরের ২৫ ডিসেম্বর শুরু করে কাজ ৩০ জুনের মধ্যে শেষ করার কথা। মাটি ফেলা থেকে শুরু করে প্রাথমিক অধিকাংশ কাজ সম্পন্ন হলেও মহাসড়কের মধ্যে বিদ্যুৎ বিভাগের তিনটি ট্রান্সমিটারসহ ৪০টি খুঁটি ও অন্যান্য স্থাপনা থাকায় গত ১০ ফেব্রুয়ারি থেকে কাজ বন্ধ রাখে প্রতিষ্ঠানটি। প্রায় এক মাস পর পুনরায় কাজ শুরু হয়। কিন্তু খুঁটিগুলো না সরানোয় জুনের মধ্যে কাজ শেষ করা নিয়ে সংশয় দেখা দেয়। মাস খানেক আগে প্রতিষ্ঠানটি আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়ে সওজ বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে আবেদন করে। গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মহাসড়কে সংযোগসহ বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমার রয়েছে। ক্যানেলঘাট থেকে তেলের পাম্প পর্যন্ত যানবাহনের সারি থাকলেও বিভিন্ন স্থানে বালু, খোয়ার স্তূপ, খুঁটি থাকায় গাড়িগুলো ঠিকমতো দাঁড়াতে পারছে না। স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে কয়েকজন শ্রমিককে ব্লক তৈরিতে ব্যস্ত দেখা গেল। এ ছাড়া ক্যানেলঘাট এলাকায় গরু-ছাগল নামানোর বিশাল ঘাট বানানো হয়েছে। আরিচা হাটে যাওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে ট্রাক, নছিমন, করিমন, ভটভটিতে আসা গরুগুলো মহাসড়কের ওপর রাখা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আমজাদ হোসেন বলেন, ‘সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। খুঁটিগুলো সরানো হলেই পুরোদমে কাজ শুরু করে আগস্টের মধ্যে শেষ করা হবে।’ সওজ রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী ও তদারকি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, মূলত পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় কাজ শেষ হতে দেরি হচ্ছে। খুঁটি সরানোর জন্য ইতিমধ্যে প্রায় ২০ লাখ টাকার মতো জমা দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী ভবেশ দাস বলেন, এ কাজে ২০ লাখ ছাড়াও টাকা আরও লাগবে। খুঁটিগুলো সরাতে খুলনা বিভাগীয় কার্যালয়ে প্রয়োজনীয় মালামাল চেয়ে আবেদন করা হয়েছে। এখনো সে মালামাল এসে পৌঁছেনি। আসামাত্রই কাজ শুরু করা হবে।