চার লেনের দুই মহাসড়কের আনুষ্ঠানিক উদ্বোধন শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেন আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে আগামী শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দুটি মহাসড়ক চালুর উদ্বোধন করবেন।
মহাসড়ক দুটিতে এখন চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। তবে প্রকল্প–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুই মহাসড়কেই কিছু কাজ বাকি রেখে উদ্বোধন করা হবে। এর মধ্যে উড়ালসড়ক, সড়ক সংকেত বসানো, সৌন্দর্যবর্ধন, সড়ক বিভাজকে গাছ লাগানো ও ড্রেন নির্মাণ রয়েছে। অবশ্য আনুষ্ঠানিক উদ্বোধনের অনেক আগে থেকে নতুন সড়কে যানবাহন চলছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের দূরত্ব ১৯০ কিলোমিটার এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দূরত্ব ৮৮ কিলোমিটার। এ দুটি মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীন।
সওজ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত সড়ক চার লেন হয়ে গেছে। এখন সাইন-সিগন্যাল বসানোর কাজ চলছে। তবে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামে রেললাইনের ওপর নির্মাণাধীন তিনটি উড়ালসড়কের কাজ সম্পন্ন হয়নি। এগুলোর কাজ মূল প্রকল্প থেকে বাদ দিয়ে আলাদা প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। ফলে ওই সব এলাকায় উড়ালসড়কের নিচের দুই লেনের রাস্তা ধরেই চলতে হবে। আর পুরো পথে সড়ক বিভাজক নির্মাণ করা হয়েছে। তবে এর মধ্যে গাছ-ফুল দিয়ে সৌন্দর্যবর্ধনের জন্য আলাদা প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় মানুষের পারাপারের জন্য নতুন করে কিছু পদচারী–সেতুও নির্মাণ করা লাগবে।
জানতে চাইলে প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান প্রথম আলোকে বলেন, শনিবারের মধ্যেই সব প্রস্তুতি শেষ হয়ে যাবে। আর উড়ালসড়ক যেখানে নির্মাণ করা হচ্ছে, সেখানকার বিদ্যমান সড়ক মেরামত করে খুবই ভালো অবস্থায় রাখা হয়েছে। যান চলাচলে কোনো সমস্যা হবে না।