রংপুর নগরে চার লেন সড়ক হলো। এই চার লেনের মধ্যে দুই দিকের দুই লেনে এখন গাড়ি পার্ক করা হচ্ছে। তাই নগরে যান চলাচলে ভোগান্তি রয়ে গেছে সেই আগের মতোই।
মেডিকেল মোড় থেকে শহরের ভেতর দিয়ে শাপলা চত্বর পর্যন্ত চার কিলোমিটার চার লেন সড়ক প্রশস্তকরণের কাজ শেষ হয়েছে এক বছর আগে। মাঝ বরাবর সড়ক-বিভাজক (রোড ডিভাইডার) আছে। সড়কের দুই পাশের দুই লেনে প্রাইভেট কার অলস দাঁড় করিয়ে রাখা হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ধাপ এলাকার সড়ক ও জনপথ কার্যালয়ের সামনের সড়কে প্রাইভেট কার, মাইক্রোবাস সারি বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, গাড়িগুলো ভাড়ায় চলে। ওই এলাকার ওষুধের দোকান ও বেসরকারি চিকিৎসাসেবা কেন্দ্রগুলোর সামনের সড়কেও গাড়ি দাঁড় করিয়ে রাখতে দেখা গেল।
নগরের কেরানীপাড়া এলাকার চাকরিজীবী জাবিদ হোসেন বলেন, সড়ক প্রশস্তকরণে সাধারণ নাগরিকদের ভোগান্তি দূর হলো না। এতে লাভ হয়েছে গাড়ি পার্ক করা লোকজনদের। গোমস্তাপাড়া এলাকার কলেজশিক্ষক রফিক সরকার বলেন, গাড়ি পার্কিংয়ের ফলে রাস্তার পাশ দিয়েও হাঁটাচলা করা যায় না।
জেলা পরিষদ বিপণিবিতানের সামনের মোড় থেকে পায়রা চত্বর হয়ে জাহাজ কোম্পানী মোড় পর্যন্ত প্রধান ব্যবসা কেন্দ্র এলাকাতেও সড়কের দুই পাশের দুই লেনেই গাড়ি দাঁড় করিয়ে রাখতে দেখা যায়। এদিকে রংপুর শিল্প ও বণিক সমিতির সামনেও পার্কিংয়ের কোনো ব্যবস্থা রাখা হয়নি।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, বিল্ডিং কোড অনুযায়ী সড়ক থেকে পাঁচ ফুট দূরে ভবন নির্মাণ করার বিধান থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি। এর ফলে যানবাহন চলাচলের সড়কেই গাড়ি পার্ক করা হয়ে থাকে। সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, যেখানে-সেখানে গাড়ি পার্ক না করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সবাই একটু সচেতন হলে নাগরিকদের দুর্ভোগ অনেকটা কমবে বলে মন্তব্য করেন তিনি।
রংপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক সামসুল আলম বলেন, ‘ট্রাফিক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সড়কের মধ্যে অবৈধ গাড়ি রাখার বিষয়টি আমাদেরই দেখতে হয়। তবে ট্রাফিক পুলিশের সংখ্যা কম হওয়ায় এত বড় এলাকায় অভিযান করা সম্ভব হয়ে ওঠে না।’