চার লেনের দুটি মহাসড়ক আজ আনুষ্ঠানিক চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ চার লেনের জাতীয় মহাসড়ক আজ শনিবার আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোতাম টিপে এ দুটি মহাসড়কের চার লেনের উদ্বোধন করবেন।

এই দুটি মহাসড়ক সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ১৯০ কিলোমিটার দুই লেনের সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয় ২০১১ সালের শুরুতে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৮ কিলোমিটার অংশে চার লেনের কাজ শুরু হয় একই বছরের শেষের দিকে। এই দুটি প্রকল্পের অধীনে বেশ কিছু উড়ালসড়ক, সেতু ও কালভার্টও নির্মাণ করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা থেকে দাউদকান্দি পর্যন্ত আগে থেকেই চার লেনের সড়ক। আর চট্টগ্রাম সিটি গেটের পরের অংশের সড়কও বেশ প্রশস্ত। এর ফলে মাঝের অংশটুকুতে যানজট নিত্যসঙ্গী হয়ে ওঠে। ঢাকার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের সড়কপথে যোগাযোগের এই প্রধান পথটির ওপর চাপ কমাতে আগের সড়কের সমপরিমাণ সম্প্রসারণ করার প্রকল্প নেওয়া হয়। তিন বছরের প্রকল্প বাস্তবায়নে প্রায় সাড়ে পাঁচ বছর লেগেছে। ব্যয় প্রায় দেড় হাজার কোটি টাকা বেড়ে ৩ হাজার ৮১৭ কোটি টাকায় ঠেকেছে।

এখন ১৯০ কিলোমিটার সড়কের সম্প্রসারণ কাজ শেষ। যানবাহন চলার পথ, সড়ক বিভাজক, শোল্ডার (পিচঢালা অংশের বাইরে) মিলে মহাসড়কটির এই অংশটুকু এখন প্রায় ৮০ ফুট চওড়া। তবে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম অংশে তিনটি উড়ালসড়কের কাজ শেষ হয়নি। তাই এই অংশটুকু দুই লেনই আছে। চার লেনে সম্প্রসারিত অংশ দিয়ে আগে থেকেই যান চলাচল করছে। সম্প্রসারিত অংশে মহাসড়কের মাঝখানে ৩ থেকে ৫ মিটার চওড়া বিভাজক তৈরি করা হয়েছে।

এখন কাঁচপুর সেতু থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো পথসহ প্রতিটি সেতু-কালভার্ট চার লেনে উন্নীত হয়েছে। কাঁচপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত অংশ আট লেনে উন্নীত করার আলাদা একটি প্রকল্পও শেষ পর্যায়ে। ঈদের পরই তা আনুষ্ঠানিকভাবে চালু হবে।

জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার অর্থায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর পাশে আরও তিনটি সেতু নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে। বর্তমান মহাসড়কের পাশাপাশি একটি দ্রুতগতির উড়াল মহাসড়ক নির্মাণের সমীক্ষা হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক: ঢাকাথেকে জয়দেবপুর পর্যন্ত আগে থেকেই চার লেনের সড়ক আছে। জয়দেবপুর-ময়মনসিংহ পর্যন্ত চার লেন প্রকল্প তিন বছরে বাস্তবায়নের কথা ছিল। পরে সময় বৃদ্ধির পাশাপাশি ব্যয় দ্বিগুণ বেড়ে ১ হাজার ৮০০ কোটি টাকায় গিয়ে ঠেকে।

এই মহাসড়কের বেশির ভাগ অংশে চার লেনের কাজ গত বছরের শেষের দিকেই সম্পন্ন হয়। তবে ভালুকা অংশের কাজ সম্পন্ন না হওয়ায় যাত্রীরা এর সুফল পাচ্ছিলেন না। এখন ভালুকা অংশও সম্পন্ন হয়েছে। এই মহাসড়কের দুই লেন সম্প্রসারণ করে মাঝখানে বিভাজক নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ৫টি সেতু, ১৫৫টি কালভার্ট, একটি করে উড়ালসড়ক ও রেলওয়ে উড়ালসেতু নির্মাণ হয়েছে। পথচারীদের জন্য চারটি পদচারী-সেতু করা হয়েছে। জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়কটি এখন প্রায় ৬৩ ফুট চওড়া হয়েছে। বাজার ও ব্যবসাকেন্দ্রগুলোর পাশে চওড়া আরও বেশি। প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ কংক্রিটের। ১০টি স্থানে বাস থামার স্থান ঠিক করা হয়েছে।