সড়ক চওড়া (চার লেন) হবে—এই অজুহাতে সংস্কারকাজে হাত দেওয়া হয়নি। ‘শিগগির হবে, এ বছর হবে’ এ রকম আশ্বাসে পার হয়েছে ছয় বছর। সড়ক আর চওড়া হয় না। এদিকে সড়ক হয়ে পড়েছে ছিন্নভিন্ন। চলাচলে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। এ চিত্র বহদ্দারহাট-শাহ আমানত সেতু সংযোগ সড়কের।
অবশ্য সড়ক ও জনপথ বিভাগের কর্তাব্যক্তিরা এবার আশাবাদী। ইতিমধ্যে প্রকল্প বাস্তবায়নের দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এখন মন্ত্রিপরিষদের ক্রয় কমিটির অনুমোদনের অপক্ষোয়।
কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামের সাতটি উপজেলার সঙ্গে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের যোগাযোগব্যবস্থা সহজ করতে নির্মাণ করা হয়েছিল শাহ আমানত সেতু (তৃতীয় কর্ণফুলী সেতু)। ২০১০ সালের সেপ্টেম্বরে সেতু উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছিল, শিগগির সেতুর দুই পাশের সংযোগ সড়ক চওড়া করা হবে। এদিকে সেতুর পাঁচ কিলোমিটার উত্তরে বহদ্দারহাটে নির্মাণ করা হয় চট্টগ্রামের প্রথম উড়ালসড়ক। দুই বছর আগে উড়ালসড়কও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু সেতু ও উড়ালসড়কের মাঝখানের দুই লেনের সড়কটি ছয় বছরেও চওড়া হয়নি। ফলে উড়ালসড়কের সুফলও পাচ্ছেন না দক্ষিণের মানুষ।
সরেজমিনে দেখা গেছে, পাঁচ কিলোমিটার সড়কের শুরু এক কিলোমিটার নামের স্থান থেকে। শেষ হয়েছে শাহ আমানত সেতুর উত্তর অংশের শুরুতে। এই পথ পুরোটাই এখন ভাঙাচোরা। গাড়ি চলাচলের সময় সমানে উড়ছে ধুলাবালু। তার ওপর ভাঙা সড়কের ঝাঁকুনি। নাকে–মুখে কাপড় গুঁজে ধুলা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা যাত্রীদের। এর মধ্যে রাহাত্তারপুল ও কালামিয়ার বাজার মোড়ে পিচ ঢালাইয়ের অস্তিত্ব নেই। সেখানে ইট বিছিয়ে গাড়ি চলাচলের উপযোগী করে রাখা হয়েছে। এ ছাড়া ফুলকলি, তুলাতলী ও কল্পলোক আবাসিক এলাকাও ছোট-বড় গর্তে ভরা। দুর্ভোগ এড়াতে গাড়িচালকদের অনেকে বিকল্প হিসেবে এখন কর্ণফুলীর কূল ঘেঁষে নির্মিত নতুন মেরিনার্স সড়কটি ব্যবহার করছেন।
কালামিয়া বাজারে কথা হয় রিকশাচালক সাহাব উদ্দিনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, সড়কটি সংস্কার না হওয়ায় গাড়ি চলাতে সমস্যা হচ্ছে। বর্ষাকালে বড় গর্ত তৈরি হয়েছিল। এখন সেখানে ইট বিছিয়ে দেওয়া হয়েছে।
রাহাত্তারপুর এলাকার বাসিন্দা মিনহাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ছয়-সাত বছর ধরে তিনি শুনে আসছেন সড়কটি চওড়া (চার লেন) হবে। কিন্তু উড়ালসড়ক ও শাহ আমানত সেতু চালু হলেও সড়কটি দুই লেন রয়ে গেছে। এ ছাড়া সড়কের কোনো সংস্কার নেই। এই সড়কটি আদৌ চওড়া হবে কি না, এ নিয়ে সন্দেহ আছে বলে জানান তিনি।
চট্টগ্রাম-কক্সবাজার রুটের যাত্রীবাহী বাসের চালক রশিদ আহমদ বলেন, সিটি করপোরেশনের কাছে বহদ্দারহাট-শাহ আমানত সেতু সড়কটি হস্তান্তর করা উচিত। করপোরেশনের নিয়ন্ত্রণে থাকলে দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গাড়ি চলাচলের উপযোগী রাখত সিটি করপোরেশন। রাস্তাটিও মোটামুটি ভালো থাকত।
সড়ক সংস্কারের ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম প্রথম আলোকে বলেন, ‘সড়ক চওড়া হবে, এ জন্য বড় কোনো সংস্কার করা হয়নি।’
সওজ বিভাগ, চট্টগ্রাম কার্যালয় সূত্র জানায়, আমলাতান্ত্রিক জটিলতা, দরপত্র আহ্বান ও মূল্যায়ন নিয়ে কেটে গেছে ছয় বছর। তবে প্রকল্পটি বাস্তবায়নে ঠিকাদার প্রতিষ্ঠান চূড়ান্ত করা হয়েছে। এখন কার্যাদেশ দেওয়ার অপেক্ষায় আছে সড়ক ও সেতু মন্ত্রণালয়। এর আগে মন্ত্রিপরিষদের ক্রয় কমিটিতে এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন নিতে হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য দেশি-বিদেশি চারটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিয়েছিল। ‘ডব্লিউএমসিজি-মীর আকতার-সাডিম আল কুয়েত জেভি’ নামের একটি প্রতিষ্ঠান প্রকল্পটির সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়েছে। এটি বাস্তবায়নে ব্যয় হবে ২৭০ কোটি ১১ লাখ টাকা।
প্রকল্পের সারসংক্ষেপ অনুযায়ী, দুই অংশে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। প্রথম অংশে নদীর উত্তরে বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। পাশে আরও দুই লেনের জায়গা নিয়ে করা হবে ফুটপাত ও নালা। এ ছাড়া চারটি বড় সেতু নির্মাণ, রাহাত্তারপুল ও কালামিয়ার বাজারে দুটি আন্ডারপাস নির্মাণের কথা উল্লেখ রয়েছে। দ্বিতীয় অংশ হবে নদীর দক্ষিণে তিন কিলোমিটার—সেতুর সংযোগ থেকে তেমুহনী মোড় পর্যন্ত। এই অংশটিও চার লেনে উন্নীত করা হবে।
সওজ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম প্রথম আলোকে বলেন, সড়কটি চওড়া করার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। মন্ত্রিপরিষদের ক্রয় কমিটির অনুমোদন পাওয়া গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে।