চার শ গাছের মাথা কাটার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে বিদ্যুৎ-সংযোগ স্থাপনের জন্য সড়কের পাশে লাগানো আড়াই কিলোমিটার পর্যন্ত প্রায় ৪০০ সরকারি গাছের মাথা কাটার প্রস্তুতি নিচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিদ্যুৎ-সংযোগের জন্য ইতিমধ্যে সড়কের পাশে ৩৫-৪০টি খুঁটি স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, খুঁটিগুলো সড়কের বাইরে ১০-১২ ফুট দূরে স্থাপন করলে কোনো গাছ কাটার প্রয়োজন হতো না।

পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় সাব-স্টেশনটি স্থাপন করতে যাচ্ছে কর্তৃপক্ষ। ওই স্টেশনের জন্য ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সংযোগের লক্ষ্যে কালাবিবির দিঘি এলাকা থেকে বরুমচড়া রাস্তার মাথা পর্যন্ত পিএবি সড়কে আড়াই কিলোমিটার এলাকায় খুঁটি স্থাপন করা হচ্ছে। সেসব খুঁটিতে বিদ্যুৎ সংযোগ টানার আগে সড়কে লাগানো গাছের মাথা কাটার প্রস্তুতি চলছে। একটি খুঁটি থেকে অপর খুঁটির দূরত্বে গড়ে ১০০টির মতো গাছ রয়েছে। তবে খুঁটিগুলো সড়কের ১০-১২ ফুট দূরত্বে স্থাপন করলে কোনো গাছ কাটতে হতো না।
সড়ক ও জনপথ (সওজ) সূত্র জানায়, ২০০৬ সালে শঙ্খ নদে নির্মিত তৈলারদ্বীপ সেতুর জন্য কালাবিবি দিঘি থেকে শঙ্খ নদ পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণ করতে হয় সওজকে। ওই সময় সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয়। সেই চারাগুলো এখন বড় গাছে পরিণত হয়েছে। সেখান থেকে আড়াই কিলোমিটার পর্যন্ত সড়কের গাছের মাথা কাটতে যাচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
এ ব্যাপারে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন আনোয়ারা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) প্রকৌশলী মো. আবদুল মতিন বলেন, প্রতি কিলোমিটারে ১৫-২০টি খুঁটি বসানো হয়। সে হিসেবে আড়াই কিলোমিটারে ৩৫ থেকে ৪০টির মতো খুঁটি স্থাপিত হয়েছে।
কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল বাসার প্রথম আলোকে বলেন, ‘খুঁটির জন্য গাছ কাটার বিষয়টি আসলেই ভালো হচ্ছে না। এ ব্যাপারে আমি জিএম সাহেবের সঙ্গে কথা বলব।’
আজ শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে সড়কের বাইরে খুঁটি স্থাপন করতে বলা হয়েছিল। কিন্তু এ ব্যাপারে তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি।
অপর দিকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মোবারক উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘আনোয়ারা আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’