
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মার তীরবর্তী দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের সাতটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। গত ১০ দিনে এসব গ্রামের ৪০০ পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও দেড় হাজার পরিবার। ভাঙনের কারণে দৌলতদিয়ার দুটি ফেরিঘাটও বন্ধ হয়ে গেছে।
দৌলতদিয়া ইউনিয়নের আফসার শেখের পাড়া এলাকার কয়েকজন ব্যক্তি জানান, চার-পাঁচ দিন ধরে পদ্মায় পানি বাড়ছে। এর ফলে ভাঙনও বেড়েছে। গত শনিবার সকালে তাঁদের বসতভিটা ভেঙে যায়। সে জন্য তাঁরা অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ময়না বেগম বলেন, ‘চোখের পলকে সব দাইবা যাইচ্ছে। তাফাল (বাতাস) শুরু হইলে পানি পাক খাইয়া নিচের দিকে বুর বুর কইরা মাটি দাইবা নেয়। সব ভাইঙা যাইচ্ছে। আমরা এহন আরেক জায়গায় যামু। কই যামু বলতে পারছি না।’
সরেজমিনে দেখা যায়, আফসার শেখেরপাড়া গ্রামের বাচ্চু শেখ তাঁর দুটি চৌচালা টিনের ঘরসহ মালামাল নিতে দুটি বড় ইঞ্জিনচালিত ট্রলার ভাড়া করে এনেছেন। এ কাজে সাহায্য করতে কালুখালী এলাকা থেকে তাঁর ভাগনেরা এসেছেন।
বাচ্চু শেখের ভাগনে ফারুক খান বলেন, ‘মামার বাড়ি ভেঙে যাচ্ছে, তাই মা-বাবা সবাই এসেছি। সবকিছু সরিয়ে চার কিলোমিটার দূরে দৌলতদিয়া মডেল হাইস্কুলের কাছে রাখা হচ্ছে। জায়গা ঠিক করার পর মালামাল সরিয়ে ফেলা হবে।’
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, চলতি মাসের শুরু থেকে পদ্মার তীরবর্তী ছাত্তার মেম্বার পাড়া, সিদ্দিক কাজীর পাড়া, ফেরিঘাট এলাকা, মজিদ শেখের পাড়া, লঞ্চঘাট এলাকা, ঢল্লা পাড়া ও আফসার শেখের পাড়ায় ভাঙন দেখা দেয়। গত ১২-১৩ দিনে এসব এলাকার সাড়ে ৩০০ পরিবারের বসতভিটা পদ্মায় বিলীন হয়েছে। এর আগে চলতি মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ৫০টি পরিবারের বসতভিটা বিলীন হয়। ফেরিঘাট থেকে আক্কাছ আলী উচ্চ বিদ্যালয়ের দিকে যাওয়ার রাস্তাটির প্রায় ২০০ মিটার ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ছয় হাজার পরিবার। ভাঙনে দৌলতদিয়ার দুটি ফেরিঘাটের বেশির ভাগ পদ্মায় বিলীন হয়ে ঘাট দুটি বন্ধ হয়ে গেছে। রাজবাড়ী-১ আসনের সাংসদসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে এসব এলাকায় ত্রাণসামগ্রী দেওয়া দরকার।
ঘাটের ভাঙন এলাকা পরিদর্শন শেষে গত শুক্রবার রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী বলেন, ভাঙন থেকে দৌলতদিয়া ঘাট রক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়া হবে। আগামী বৃহস্পতিবার নৌমন্ত্রী শাজাহান খান এলাকা পরিদর্শনে আসবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে ভাঙন দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। শনিবার এসব এলাকায় জরুরি ভিত্তিতে চার মেট্রিক টন চাল ও নগদ টাকা দেওয়া হয়েছে। আরও ৭৫ টন চালের চাহিদা জানানো হয়েছে।
এদিকে গত মঙ্গলবার রাত নয়টার দিকে ঝোড়ো বাতাস শুরু হয়। এ সময় ১ নম্বর ফেরিঘাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রাত ১১টার দিকে তীব্র স্রোতে ফেরিঘাটের র্যা মের নিচে ও আশপাশের মাটি দেবে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে ফেরিঘাট-সংলগ্ন তিনটি খাবার হোটেল ও মুদি দোকান নদীতে তলিয়ে যায়। ঘাটসংলগ্ন সিদ্দিক কাজীপাড়ার ছয়টি পরিবারের বসতভিটাও নদীতে বিলীন হয়ে যায়। ঝুঁকির মধ্যে রয়েছে আরও ২০টি বাড়ি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, হঠাৎ তীব্র স্রোতে ভাঙন মারাত্মক আকার ধারণ করে। ফেরিঘাট সড়কের অন্তত ৪০ ফুট ভেঙে র্যা ম ভাসতে থাকে। ঘাট বন্ধ করে উদ্ধারকারী জাহাজের সাহায্য চাওয়া হয়। স্থানীয় রেকার দিয়ে র্যা ম টেনে ধরা হয়। পরে পাটুরিয়া থেকে উদ্ধারকারী জাহাজ আইটি-৩৮৯ আসে। এর সাহায্যে রাত সাড়ে ১২টার পর ফেরিতে গাড়ি ওঠানামার ব্যবস্থা করা হয়।