চার শতাধিক চাতাল বন্ধ
ধানের সঙ্গে চালের দামের সামঞ্জস্য না থাকায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চার শতাধিক চাতাল বন্ধ হয়ে গেছে। এতে প্রায় ১০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
উপজেলার বারোমাইল এলাকার মেসার্স তাবাসসুম চালকলের মালিক শরিফুল বলেন, ‘বর্তমানে এক মণ ধান কিনে চাতালে সেদ্ধ করে ও শুকিয়ে চাল উৎপাদন করলে চাতাল ব্যবসায়ীদের ৯০ থেকে ১০০ টাকা লোকসান হচ্ছে। জিরা জাতের ধান মণপ্রতি ৯৩০ টাকা দরে কিনে সেদ্ধ করে শুকানোর পর প্রতি মণ চালের দাম পড়ে এক হাজার ৪৯০ টাকা। এতে লোকসান হচ্ছে। এ রকম সব ধরনের ধানের সঙ্গেই চালের বাজারদরের কোনো মিল নেই। এক সপ্তাহ হলো চাল বিক্রি করতে পারছি না। ব্যবসায়ীরা আর কত লোকসান দিয়ে চাতাল চালু রাখবেন। তাই ক্রমেই চাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে।’
চাতাল ব্যবসায়ী সূত্র জানায়, এই উপজেলায় প্রায় ৭০০ চাতাল রয়েছে। এসব চাতাল ব্যবসায়ীর মধ্যে অর্ধেকে কমবেশি লোকসান ঘাড়ে নিয়ে এখনো চাতাল চালু রেখেছেন। ধান সেদ্ধ, শুকানো, ভাঙানো ও গুঁড়া করে ঝাড়ানোর নারী শ্রমিকসহ চাতালগুলোতে প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করেন। অটোমেশিন ও সর্টার মেশিনের চালের বাজারে চাহিদা রয়েছে। চাতালে সেদ্ধ করা ও শুকানো ধান থেকে উৎপাদিত চালের চাহিদা বাজারে কম। তাই এসব চাল সর্টার মেশিনে ছাঁটাই করতে মণপ্রতি ১০০ টাকা বেশি খরচ করতে হচ্ছে। মজুত ব্যবসায়ীদের চাতালও আগামী এক মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
উপজেলার চৌমহনী বাজারের মেসার্স রহিমা চালকলে (বন্ধ) কর্মরত চাতালশ্রমিক ছবের আলী বলেন, ‘চাতাল বন্ধ থাকায় ছোলপোলক লিয়্যা বড় বিপদে আছি। রিকশাভ্যান চল্যা সংসার খরচ চলাচ্ছি।’
সম্প্রতি এক সকালে দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, ধানের সরবরাহ কম। এখানে ওঠানো ধানের মধ্যে পাইরি (চান্দিনা) জাতের ধান মণপ্রতি ৭৩৫ থেকে ৭৫০ টাকা, জিরা জাতের ধান মণপ্রতি ৯২০ থেকে ৯৩০ টাকা, বিআর-২৮ জাতের ধান মণপ্রতি ৮১০ থেকে ৮২০ টাকায় বিক্রি হচ্ছে।
গতকাল রোববার উপজেলা সদরে চালের মোকামে পাইরি জাতের চাল মণপ্রতি এক হাজার ১৮০ টাকা, জিরা জাতের চাল মণপ্রতি এক হাজার ৩৮০ থেকে এক হাজার ৪০০ টাকা, বিআর-২৮ জাতের চাল এক হাজার ২৮০ থেকে এক হাজার ২৯০ টাকা দরে কেনাবেচা হয়েছে।
মেসার্স গৌতম রাইচ এজেন্সির মালিক রমেন্দ্রনাথ বসাক বলেন, এই মোকাম থেকে আগে এ সময়ে প্রতিদিন ৩৫-৪০ ট্রাক চাল বোঝাই হয়ে বিভিন্ন মোকামে যেত। এখন সারা দিনে ৮-১০ ট্রাক চাল বোঝাই হয় না। চাতালের তৈরি চালের চাহিদাও কম। অটো কারখানার চালের চাহিদা বেশি।
দুপচাঁচিয়া উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোবারক আলী বলেন, এবার শুরু থেকেই চাতাল ব্যবসায়ীরা লোকসান দিচ্ছেন। ব্যাংক থেকে টাকা নিয়ে এভাবে কোনো ব্যবসায়ী আর কত লোকসান দেবেন। তাই আস্তে আস্তে চাতাল ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে নিচ্ছেন।