টানা অবরোধ-হরতালে জয়পুরহাটের চার শতাধিক চালকল ও চাতাল বন্ধ রয়েছে। ফলে ১৮ দিন ধরে চালকল ও চাতালের প্রায় আট হাজার শ্রমিক বেকার। আয় উপার্জন বন্ধ থাকায় শ্রমিকেরা বিপাকে পড়েছেন।
কালাই পাঁচশিরা বাজারের ফিরোজা অটোরাইস মিলের শ্রমিক মজিরন বেগম ও তাঁর স্বামী আকবর আলী, শ্রমিক সাহিদা বেগম, আবদুল মোমেনসহ ১০-১২ জন জানান, কাজ না থাকায় তাঁরা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। মালিকের কাছে অগ্রিম শ্রম বিক্রি করে টাকা নিয়ে সংসার চালাচ্ছেন। এভাবে কত দিন চলবে তা তাঁরা জানেন না।
জয়পুরহাট জেলার খাদ্য নিয়ন্ত্রক চৌধুরী মোছাব্বের হোসেন খান জানান, জেলায় ৫১২টি চালকল রয়েছে। এর মধ্যে ৫০১টি চালকল সরকারের কাছে চাল বিক্রির চুক্তি করেছে।
জেলা অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি সূত্রে জানা গেছে, জেলার বেশির ভাগ চালকল বন্ধ রয়েছে। ৫১২টির মধ্যে কমপক্ষে ৪০০ চালকলে ধান সেদ্ধ ও শুকানো বন্ধ রয়েছে। এসব চাতালে কর্মরত প্রায় আট হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বাংলাদেশ অটো মেজর এবং হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জয়পুরহাট জেলা সমিতির সভাপতি কে এম লায়েক আলী জানান, জেলার শতকরা ৮০ ভাগ চাতালই অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে। এ অবস্থা চললে আরও চাতাল বন্ধ হয়ে যাবে। তিনি জনগণের স্বার্থে এর একটা দ্রুত সমাধান করে দেশে শান্তি ও ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
কালাই উপজেলার পাঁচশিরা বাজারে ফিরোজা অটোরাইস মিলের মালিক আবদুল বারী জানান, তাঁর মিলটি ১০-১২ দিন ধরে বন্ধ রয়েছে। পরিবহনব্যবস্থা ভেঙে পড়ায় জেলার বাইরে থেকে ধান কিনে আনা যাচ্ছে না। উৎপাদিত চাল ঢাকাসহ অন্যান্য স্থানে পরিবহন করাও সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে তিনি চাতাল ও মিল বন্ধ রেখেছেন। ব্যবসা-বাণিজ্য একেবারে স্থবির হয়ে পড়েছে। তাঁর গুদামে বিপুল পরিমাণ চাল মজুত রয়েছে। ব্যাংকের ঋণের টাকার সুদ দিন দিন বেড়ে যাচ্ছে।
জয়পুরহাট শহরের বারী অটোরাইস মিলের ব্যবস্থাপক সরোয়ার হোসেন জানান, তার মিলটি অবরোধ শুরুর দুই দিন পর থেকেই বন্ধ করে রেখেছেন। মিলের ৪২ জন শ্রমিক এখন বেকার।
কালাই বাজারের বাসিন্দা চাতাল শ্রমিক ফেরদৌস হোসেন ও রেজাউল হোসেন জানান, অবরোধের কারণে কাজ কমে যাওয়ায় বেসরকারি সংস্থা থেকে ঋণ নেওয়া টাকার সাপ্তাহিক কিস্তি দিতে পারছেন না। কিস্তির টাকা দিন দিন বেড়েই যাচ্ছে।
কালাই পাঁচশিরা বাজারের মেসার্স িথ্র এফ ফুড প্রসেসিং মিলের মালিক আবদুল আজিজ জানান, তাঁর গুদামে বিক্রির জন্য বিপুল পরিমাণ চাল মজুত রয়েছে। পরিবহনব্যবস্থা একেবারে ভেঙে পড়ায় দেশের কোথাও চাল পাঠাতে পারছেন না। কয়েক দিন আগে ক্ষেতলালের শাখারুজ্ঞ ত্রিমোহনী বাজারে মা রাজিয়া চাতালকলে চালবোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে এলেঙ্গায় পুড়িয়ে দেওয়ায় তিন-চার গুণ বেশি ভাড়া দিয়েও ট্রাক পাওয়া যাচ্ছে না।
পুরানাপৈল বাজারের ন্যাশনাল চালকলের স্বত্বাধিকারী সুশীল চন্দ্র মণ্ডল জানান, তাঁর চাতালে কিছু ধান সেদ্ধ ও শুকানো হলেও দুই-তিন দিনের মধ্যে মিলটি বন্ধ হয়ে যাবে। মিলটি বন্ধ হলে ১৫-২০ জন শ্রমিক বেকার হয়ে পড়বেন।