চার শতাধিক মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেংখ্যং সংরক্ষিত বনের আওতাধীন ফারুয়া ইউনিয়নের কমপক্ষে তিন শতাধিক মানুষ বন বিভাগের মামলার কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। এসব মামলা স্থানীয় জনপ্রতিনিধিসহ বিবাদীরা মিথ্যা এবং হয়রানিমূলক বলে অভিযোগ করেছেন।বিলাইছড়ি থানা সূত্রে জানা গেছে, থানায় বর্তমানে ১৩৩টি বন মামলা রয়েছে। এসব মামলার প্রত্যেকটিতে কমপক্ষে তিন থেকে সাতজন বা তারও বেশি লোককে অভিযুক্ত করা হয়। অনেক মামলা ২০ থেকে ২৫ বছর পর্যন্ত ঝুলে রয়েছে বলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। সম্প্রতি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে ঘুরে এসব তথ্য জানা গেছে। বন বিভাগ মামলায় ত্রুটি থাকা এবং নিষ্পত্তিতে বিলম্ব হওয়ার বিষয়টি স্বীকার করেছে।এগোজ্যাছড়ি গ্রামের রাজচন্দ্র তঞ্চঙ্গ্যা (৪৭) ও স্বপ্নমোহন তঞ্চঙ্গ্যা (৫০) কাঠ চুরি মামলায় নিজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমরা কোনো দিন কাঠ চুরির সঙ্গে জড়িত ছিলাম না। গরিব মানুষ, দিনমজুরি করে খাই। টাকার অভাবে আদালতে গিয়ে মামলা লড়ার সামর্থ্য না থাকায় আমাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এ কারণে বিলাইছড়ি সদর বা ফারুয়া বাজারেও স্বাভাবিকভাবে চলাচল করতে ভয় লাগে।’ফারুয়া এলাকার কিনা মোহন তঞ্চঙ্গ্যা (৬৫) বলেন, ‘পুলিশের হাতে আটক হওয়ার পর জানতে পারি, আমিসহ কয়েকজনের বিরুদ্ধে বন বিভাগ ১৯৮৮-৮৯ সালে বন মামলা দায়ের করেছিল। ওই মামলায় গত বছরের (২০১১) শেষ দিকে পুলিশ আমাকে ফারুয়া বাজার থেকে আটক করে। পরে দুই দিন হাজতবাসের পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ শহরের কয়েকজন আইনজীবীর সহায়তায় জামিনে মুক্ত হই। এরপর কয়েকবার আদালতে আসা-যাওয়াসহ নানা খরচে ৬০-৬৫ হাজার টাকা গেছে।’তক্তানালা দক্ষিণপাড়ার চন্দ্র বিকাশ তঞ্চঙ্গ্যা (২৯) বলেন, ‘বন বিভাগের কয়েকজনের সঙ্গে স্থানীয় একটি বিষয়ে তর্ক করায় আমার বিরুদ্ধে দুটি বন মামলা করা হয়েছিল। ওই মামলা মোকাবিলা করতে আমার ৭০ থেকে ৭৫ হাজার টাকা খরচ হয়ে গেছে।’ফারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোয়াই রোয়াজা অভিযোগ করেন, কাঠ পাচারের সঙ্গে বন বিভাগের অসৎ কর্মকর্তা-কর্মচারীরা জড়িত। সেই অপকর্ম ঢাকতে সাধারণ নিরীহ মানুষদের বিরুদ্ধে বন মামলা দেওয়া হয়। এভাবে কয়েক শ মানুষ নানা হয়রানির শিকার হচ্ছে।ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তেজেন্দ্র লাল চাকমা বলেন, বন বিভাগের লোকজনের মূল হাতিয়ার বন মামলা। তাঁরা যেসব লোকজনের বিরুদ্ধে মামলা করেন, তাঁদের অধিকাংশেরই পিতার নাম, ঠিকানায় মিল থাকে না। বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন কুমার পাল বলেন, বন বিভাগ যতগুলো মামলা করেছে, তার মধ্যে অধিকাংশই অসম্পূর্ণ। কারও নাম সঠিক তো বয়স, পিতার নাম-ঠিকানা ঠিক নেই। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মো. সুবেদার ইসলাম বলেন, অনেক সময় ভালোভাবে নাম, গ্রাম চেনা না থাকায় মামলার সময় বিভিন্ন ত্রুটি রয়ে যায়। আর অনেকে মামলা দায়েরের পর কোথাও বদলি হয়ে গেলে আদালতে আসতে পারেন না। এ ব্যাপারে স্থানীয় রেঞ্জ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানান।