চার শতাধিক মায়ের অন্য রকম শপথ
কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের চার শতাধিক মা তাঁদের সন্তানদের পড়াশোনার খোঁজ নেওয়ার শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার ইউনিয়নের বৌলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে অন্য রকম এই শপথ নেন তাঁরা। সচেতন নাগরিক কমিটির (সনাক) কিশোরগঞ্জ শাখা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের স্লোগান ছিল ‘ছাত্র, শিক্ষক ও অভিভাবক সকলের সদিচ্ছা নিশ্চিত করতে পারে মানসম্মত প্রাথমিক শিক্ষা’। বৌলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগম, সহকারী শিক্ষক ডলি রানী বণিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আলী আকবর, সদস্য মাসুদ হাসান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরে আলম সিদ্দিকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, সনাকের সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল গনি।বক্তারা বলেন, সন্তানকে নিয়মিত স্কুলে পাঠানো, পড়াশোনার খোঁজখবর নেওয়া ও বাড়িতে পড়ার পরিবেশ তৈরি করতে বাবার চেয়ে মায়েরাই অধিকতর কার্যকর ভূমিকা রাখতে পারেন।