বাগেরহাটের মংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের জয় খাঁ গ্রামের একটি খামারে বার্ড ফ্লু দেখা দিয়েছে। ইতিমধ্যে চার শতাধিক মুরগি, দেড় হাজার ডিম ও সাড়ে তিন বস্তা মুরগির খাবার ধ্বংস করা হয়েছে।খামারের মালিক বিধান চন্দ্র মৃধা জানান, গত শুক্রবার থেকে তাঁর খামারে মুরগি মারা যাচ্ছিল। শনিবার তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে মৃত মুরগির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠান। সোমবার বিকেলে ঢাকা থেকে পাঠানো ফ্যাক্স বার্তায় তাঁর খামারে বার্ড ফ্লু সংক্রমণের তথ্য জানানো হয়। এরই ভিত্তিতে রাতে প্রশাসনের কর্মকর্তারা খামারে আসেন। সোমবার মধ্যরাত ১২টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে চার শতাধিক মুরগি, দেড় হাজার ডিম ও সাড়ে তিন বস্তা খাবার ধ্বংস করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্রনাথ সাহা এর সত্যতা নিশ্চিত করেছেন।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্রনাথ সাহা বলেন, কাক বা অতিথি পাখি, বাতাস, এমনকি মানুষের মাধ্যমেও এই ভাইরাসের সংক্রমণ হতে পারে। একটি খামার থেকে তা সংলগ্ন এলাকার অন্য খামারেও ছড়িয়ে পড়তে পারে। তবে এই খামারে বার্ড ফ্লু সংক্রমণের কোনো কারণ এখনো চিহ্নিত করা যায়নি। জেলায় বার্ড ফ্লু সংক্রমণ প্রতিহত করতে জরুরি ভিত্তিতে কর্মসূচি হাতে নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাক থেকে এই ফ্লু সংক্রমিত হয়েছে। কারণ গত কয়েক দিনে ওই এলাকায় বেশ কিছু কাক মারা গিয়েছিল। তবে উপজেলার আর কোথাও এখনো সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি।