মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের আথানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার শতাধিক শিক্ষার্থী রয়েছে। কিন্তু তাদের পাঠদান করতে শিক্ষক আছেন মাত্র দুজন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবেন্দ্রবিজয় দাস বলেন, ‘দুজন শিক্ষক দিয়ে কোনোভাবেই চার শতাধিক ছাত্রছাত্রীকে সুষ্ঠুভাবে পাঠদান করা সম্ভব নয়। প্রথম শ্রেণীতেই ১১০ জন শিক্ষার্থী। এদের নাম ডাকতেই অনেক সময় ক্লান্তি চলে আসে। এরপর অন্যান্য ক্লাসের রুটিন অনুসরণ করা অসম্ভব হয়ে পড়ে।’
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮০০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৪২৯ জন। প্রতিদিন ৮৫ শতাংশের বেশি শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকে। অথচ এই বিদ্যালয়ে ছয়জন শিক্ষক থাকার কথা। বিদ্যালয়ে প্রায় ছয় বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। এই দুই শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকের দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে প্রায়ই বিভাগীয় ও সরকারি-বেসরকারি বিভিন্ন সভা-সমাবেশে উপস্থিত থাকতে হয়। মাঝেমধ্যে শিক্ষক-সংকটের দিকটি বিবেচনা করে শিক্ষকেরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সভা-সমাবেশে যোগদান থেকে বিরত থাকেন। কিন্তু বিদ্যালয়ের কাজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মাসে বেশ কয়েক দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে ছোটাছুটি করতে হয়। এ ছাড়া কোনো একজন শিক্ষক নিয়মিত ছুটিতে গেলে একজন শিক্ষকের ওপর পুরো বিদ্যালয় সামাল দেওয়ার দায়িত্ব পড়ে। শিক্ষক না থাকায় প্রাক্-প্রাথমিকের আলাদা পাঠদান করা বন্ধ আছে।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমেদ চৌধুরী জানান, আথানগিরিসহ বেশ কয়েকটি বিদ্যালয়ে দুজন করে শিক্ষক আছেন। এসব বিদ্যালয়ে অন্য জায়গা থেকে প্রেষণে শিক্ষক দেওয়া হবে।’