জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফরম পূরণে ভুল
চার শতাধিক শিক্ষার্থীকে ভর্তি হওয়ার সুযোগ দিল প্রশাসন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য এসআইএফ ফরমে পছন্দের বিষয় নির্ধারণ না করা ও অসম্পূর্ণতার কারণে মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে বাদ পড়া শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।গত সোমবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বাদ পড়া চার শতাধিক শিক্ষার্থী মেধাক্রম অনুসারে ভর্তির সুযোগ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের কার্যালয় ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী সূত্র জানায়, গত ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা হয়। মৌখিক পরীক্ষার সময় বিভিন্ন অনুষদে চার শতাধিক শিক্ষার্থীর তথ্য পূরণের ফরমের (এসআইএফ) পছন্দের বিষয় নির্ধারণ যথাযথভাবে পূরণ না করার বিষয়টি ধরা পড়ে। ফরম পূরণে অসম্পূর্ণতার কারণে ভর্তি পরীক্ষার নিয়ম অনুসারে ওই সব পরীক্ষার্থী ভর্তি হতে পারবেন না বলে সংশ্লিষ্ট ডিন কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়। পরে বিভিন্ন অনুষদের ডিন বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেন। বিষয়টি নিয়ে গত সোমবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে কমিটির সভা হয়। সভায় ওই সব পরীক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে। ফলাফল সংশ্লিষ্ট ইউনিটের ডিন কার্যালয়ের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে। এ ব্যাপারে ‘গ’ ইউনিটে ছেলেদের তালিকায় সপ্তম স্থানে থাকা মো. বকুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘মেধা তালিকায় সপ্তম স্থানে থাকার পরও পছন্দের বিষয় নির্ধারণ না করার কারণে ভর্তি হতে পারব না জানার পর অনেক কষ্ট পেয়েছিলাম। প্রশাসন আমাদের ভর্তি হওয়ার সুযোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ।’কলা ও মানবিক অনুষদের ডিন অসিত বরণ পাল বলেন, সব মিলিয়ে ভুলের সংখ্যা চার শতাধিক। ভর্তি-ইচ্ছুকদের শিক্ষাজীবনের দিকে লক্ষ রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহানুভূতিশীল হয়ে মেধাবী এসব শিক্ষার্থীকে ভর্তির নিয়ম অনুসারে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে।