চার শর্তে ব্রিটিশ শিক্ষামেলার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়
বিশেষ শর্তে ব্রিটিশ কাউন্সিলকে বাংলাদেশে শিক্ষামেলা আয়োজনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই অনুমতিতে বলা হয়েছে, এই মেলার মাধ্যমে যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা হলে তার দায়দায়িত্ব নেবে ব্রিটিশ সরকার ও সংশ্লিষ্ট দূতাবাস।আজ বুধবার ও কাল বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এবং ২৯ জানুয়ারি চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে ‘এডুকেশন ইউকে এক্সিবিশন ২০১১’ শীর্ষক মেলার আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল। সাম্প্রতিক সময়ে শিক্ষা মন্ত্রণালয় বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের নামে দেশে কোনো ধরনের শিক্ষামেলা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সম্প্রতি এ ধরনের দুটি মেলা বন্ধও করে দেওয়া হয়। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আয়োজিত শিক্ষামেলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে।শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, স্থানীয় ব্রিটিশ কাউন্সিল এই মেলার বিষয়ে মন্ত্রণালয়ের অনুমতি চাওয়ার পর চারটি শর্তে মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে মেলায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো ব্রিটিশ সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে; বিশ্ববিদ্যালয়গুলো কমনওয়েলথ ইউনিভার্সিটি ইয়ারবুক ও ইউনেস্কো ইন্টারন্যাশনাল এডুকেশন ইয়ারবুকের অন্তর্ভুক্ত হতে হবে; এগুলো যুক্তরাজ্যের মান যাচাই প্রতিষ্ঠান, অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা সমজাতীয় প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃত হতে হবে।জানা যায়, মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, মেলায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। তার পরও এসব প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে তার দায়দায়িত্ব ব্রিটিশ সরকার ও সংশ্লিষ্ট দূতাবাসের বলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিশ্ববিদ্যালয়) রঞ্জিত কুমার সেনের সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে। গতকাল ওই চিঠির অনুলিপি ব্রিটিশ হাইকমিশন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়েছে, যুক্তরাজ্যের ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এর উদ্দেশ্য যুক্তরাজ্যে পড়াশোনা করতে আগ্রহীদের জন্য সুযোগ সৃষ্টি করা। মেলায় শিক্ষার্থী ছাড়াও শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন।