চার শারীরিক প্রতিবন্ধীর জীবনসংগ্রাম

লালমনিরহাটের হাতীবান্ধার নিজ গড্ডিমারী গুচ্ছগ্রামের বাসিন্দা দিনমজুর সোলেমান আলী (৫৫) ও শাহেরা বেগম (৪৮) দম্পতির পাঁচ সন্তানের মধ্যে চারজনই জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী (খর্বাকৃতি)। তাঁরা প্রত্যেকেই বেঁচে থাকার অন্য রকম লড়াই করছেন।
ওই চারজনের সবার বড় ফরিদা বেগম (২৮)। তাঁর উচ্চতা তিন ফুট চার ইঞ্চি। তিনি ২০০৩ সালে গড্ডিমারী দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন। তিনি ২০০৬ সাল থেকে গড্ডিমারী তালেব মোড় বাজারে একটি মুদির দোকান চালাচ্ছেন। তিনি বিয়ে করেননি। ফরিদা বলেন, ‘এসএসসি পরীক্ষায় ইংরেজি-অঙ্কে ফেল করে আর পড়া হলো না। পরে মায়ের নেওয়া এনজিওর ঋণের টাকায় বাজারেই দোকান দিয়ে কেনাবেচা শুরু করলাম। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত দোকানদারি করে এক থেকে দেড় শ টাকা লাভ হয়, তা দিয়ে চলি। আমার আরও দুই ভাই ও এক বোন বামন। তাদের মধ্যে এক ভাই ও এক বোন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে চায়। আমি তাদের সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করি।’
ফরিদার ছোট শাহ আলম (২৬) দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় পরীক্ষার ফি মাত্র পাঁচ টাকা দিতে না পেরে পড়াশোনার পাট চুকিয়ে দেন। তাঁর উচ্চতা তিন ফুট তিন ইঞ্চি। এখন তিস্তা নদীতে মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রি করে যা আয় হয়, তাই দিয়ে সংসার চালান। তিনি আট বছর আগে বিয়ে করেন। তাঁর তিন সন্তান রয়েছে।
রাশেদা খাতুন (২২) শারীরিক প্রতিবন্ধকতার বেড়াজাল ডিঙিয়ে গড্ডিমারী দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে এ বছর বড়খাতা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। তাঁর আশা, পড়ালেখা শেষ করে কর্মজীবনে প্রবেশ করবেন। তাঁর উচ্চতা তিন ফুট দুই ইঞ্চি।
সবার ছোট কাবেল উদ্দিন (১৮) স্থানীয় গড্ডিমারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। কাবেল পড়াশোনার পাশাপাশি সময়-সুযোগ ও আমন্ত্রণ পেলে বিভিন্ন হাট-বাজারে মজমায় গান-বাজনা করেন। তাঁর উচ্চতা তিন ফুট তিন ইঞ্চি। কাবেল বলেন, ‘আমি গান-বাজনা করে এক থেকে দেড় শ টাকা পাই, অভাবের সংসারে তা কাজে লাগে। শরীরের এই অবস্থায় অন্য আর কী কাজ করব, বলুন।’ তবে তিনি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে চান।
সোলেমান বলেন, ‘আমার তিন মেয়ে আর দুই ছেলের মধ্যে তিন নম্বর সন্তান মমিরন বেগম (২৪) আমাদের মতোই (স্বাভাবিক)। বাকিরা জন্মের পর থেকেই এমন (প্রতিবন্ধী)। এ জন্য কারে দোষ দিমু। আমি খুশি যে আমার এই সন্তানেরা সংসারের বোঝা না হয়া কাজ-কাম করছে। টাকাও আয় করছে, দুজন পড়াশোনাও করছে।’
উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী (বামন) হওয়ায় ফরিদা ও শাহ আলমকে প্রতিবন্ধী ভাতা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। রাশেদা ও কাবেলের এখনো প্রতিবন্ধী ভাতা হয়নি, তাদের নাম উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দেওয়া আছে।’