চার শিক্ষককে আটকের চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির এক বাসা থেকে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকসহ ছয়জনকে আটকের চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের আটক করার কারণ সম্পর্কে ডিবি কোনো তথ্য দেয়নি।ডিবি সূত্র জানায়, ওই চার শিক্ষক হলেন: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোশারফ হোসেন ভূঁইয়া, সহকারী অধ্যাপক ওমর ফারুক, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এ টি এম ফজলুল হক। অপর দুজনের একজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও অপরজন ফজলুল হকের আত্মীয়। রাত আটটার দিকে ধানমন্ডিতে ফজলুল হকের বাসা থেকে তাঁদের আটক করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর রাত ১২টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘একটি তথ্যের ভিত্তিতে ওই ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়।’সূত্র জানায়, গোপন বৈঠকের খবর পেয়ে ডিবি পুলিশ তাঁদের আটক করেছিল।তবে জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সেখানে কোনো বৈঠক ছিল না। আমি এমনিতেই স্যারের (ফজলুল হক) সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। অন্য শিক্ষকেরাও এসেছিলেন। কেন তারা আমাদের ডিবি কার্যালয়ে নিয়ে গেল, তা তারাই ভালো বলতে পারবে।’