চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসির গত রোববারের গণিত পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা করায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চারজন কক্ষ পরিদর্শক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া নিয়ম লঙ্ঘন করায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন হাতীবান্ধা শাহগরীবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনকারী ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌরভ রায়, বিছনদই আজিজুর রহমান উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আনজুমান আরা বেগম, বড়খাতা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী গড্ডিমারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান ও হাতীবান্ধা আদর্শ উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের কক্ষ পরিদর্শনকারী প্রাণনাথ পটিকাপাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান।
অন্যদিকে হাতীবান্ধা শাহগরীবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে দেখাদেখি করা ও কথা বলার অভিযোগে হাতীবান্ধা এস এস মডেল উচ্চবিদ্যালয়ের দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা আবু আশরাফ নুর এবং হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী বিষয়গুলো নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, দায়িত্ব পালনে অবহেলা করায় উপজেলার তিনটি পরীক্ষাকেন্দ্র থেকে চারজন কক্ষ পরিদর্শক শিক্ষককে পরের পরীক্ষাগুলোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।