চার শিক্ষককে বহিষ্কার ও চাকরিচ্যুতির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রধান শিক্ষকসহ চার শিক্ষককে সমিতি থেকে বহিষ্কার ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের চাকরিরত কোনো শিক্ষক কোনো কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৫ জানুয়ারি সখীপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষক সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত উপজেলার মাধ্যমিক পর্যায়ের বার্ষিক ও এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটে। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সূর্য তরুণ শিক্ষাঙ্গন ও কলেজের অধ্যক্ষ এম ও গনিকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। দীর্ঘ এক মাস তদন্ত করে গত ২৫ জানুয়ারি তাদের তদন্ত প্রতিবেদন সমিতির সভায় উপস্থাপন করা হয়। তদন্তে শোলা প্রতিমা শহীদ আবদুর রকিব বীর বিক্রম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) কবির হোসেন, ঢনঢনিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মো. নূর-ই-আজম ও আড়াইপাড়া নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক তজিবর রহমানকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষী সাব্যস্ত করে তাঁদের সমিতি থেকে বহিষ্কার ও চাকরিচ্যুত করার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া কোনো শিক্ষক কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত থাকতে পারবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত কমিটির প্রধান এম ও গনি বলেন, ‘আমরা পাঁচ সদস্য এক মাস তদন্ত করে ওই চার শিক্ষককে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেয়েছি এবং তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছি।’ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ওই চার শিক্ষককে সমিতি থেকে বহিষ্কার ও চাকরিচ্যুত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করা হবে। শিগগিরই তাঁদের চিঠি দিয়ে জানানো হবে। শহীদ আবদুর রকিব বীর বিক্রম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম বলেন, ‘সিদ্ধান্তের খবর শুনেছি, তবে এখনো চিঠি পাইনি।’