চার শিক্ষককে সতর্ক করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে সতর্ক করার এবং ছাত্রলীগের একজন নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সিন্ডিকেটের ৪৭৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই চারজন শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সভা সূত্রে জানা গেছে, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক আশিকুর রহমানের বিরুদ্ধে একই বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে। গত বছরের ৯ আগস্ট সিন্ডিকেটের ৪৬৭তম সভায় একটি তদন্ত কমিটি করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাঁকে কঠোরভাবে সতর্ক করার সিদ্ধান্ত হয়। সূত্র জানায়, অননুমোদিত ছুটিতে বিদেশে থাকায় আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক সোহেল আহমেদ চৌধুরীকে সতর্ক করার সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রাচ্যভাষা বিভাগের প্রশ্নপত্র জমা না দেওয়ায় দুই শিক্ষক সুপ্তিকণা মজুমদার ও শান্তি রানী হালদারকে সতর্ক করার সিদ্ধান্ত হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ৭ মার্চ কিছু শিক্ষার্থী সমাজতত্ত্ব বিভাগের সভাপতির কক্ষে সিন্ডিকেট সদস্য হাসানুজ্জামান চৌধুরীকে তালা মেরে আটকে রাখে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিভাগের এমফিল গবেষক ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি তানিয়া আফছারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তানিয়া আফছার প্রথম আলোকে বলেন, ‘আমি গবেষণার কাজে ব্যস্ত ছিলাম। এ ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’