চার শিক্ষকের বিরুদ্ধে মামলা সহ-উপাচার্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী চার শিক্ষকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। সহ-উপাচার্যের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান ও তাঁর পিএইচডি ডিগ্রি নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গত সোমবার কুষ্টিয়া আদালতে এ মামলা করা হয়।
কুষ্টিয়ার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে এ মামলা দায়ের করা হয়।
আরজিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক আওয়ামী লীগপন্থী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের নাম ব্যবহার করে সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে কুরুচিপূর্ণ, মিথ্যা, ভিত্তিহীন ও সম্মানহানিকর বক্তব্য দিয়েছেন। সংবাদ সম্মেলনে তাঁরা শাহিনুর রহমানের পিএইচডি ডিগ্রিকে জাল দাবি করেন এবং তাঁকে দুর্নীতিবাজ আখ্যা দেন। এতে শাহিনুর রহমানের সামাজিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি ও মার্কেটিং বিভাগের অধ্যাপক জাকারিয়া রহমান, সাধারণ সম্পাদক ও ইংরেজি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, শাপলা ফোরামের একাংশের সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাহবুবুল আরফিন এবং সাধারণ সম্পাদক ও ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেনের বিরুদ্ধে এ মামলা করা হয়। এই চারজনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে বলে জানান সহ-উপাচার্যের আইনজীবী অনুপ কুমার নন্দী।
শাপলা ফোরামের একাংশের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, মামলা হয়েছে বলে তাঁরা শুনেছেন। তবে এ-সংক্রান্ত কোনো কাগজপত্র তাঁরা পাননি।