চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান দেড় মাস ধরে ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চারটি বিদ্যালয়ের চার হাজার শিক্ষার্থীর পাঠদান দেড় মাস ধরে ব্যাহত হচ্ছে। এতে অনেক শিক্ষার্থী কোচিং সেন্টারের দিকে ঝুঁকছে।
ওই বিদ্যালয়গুলো হলো পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়, পীরগঞ্জ বণিক সরকারি বালিকা বিদ্যালয়, ভোমরাদহ উচ্চবিদ্যালয় ও জাবরহাট উচ্চবিদ্যালয়।
ওই চার বিদ্যালয় সূত্রে জানা গেছে, পাইলট উচ্চবিদ্যালয়ে দুটি শাখায় ২ হাজার ৩০০, বণিক সরকারি বালিকা বিদ্যালয়ে ৩৫০, ভোমরাদহ উচ্চবিদ্যালয়ে ৭০০ ও জাবরহাট উচ্চবিদ্যালয়ে ৬৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। এসব বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এসএসসি পরীক্ষা হয়েছে। আর ব্যবহারিক পরীক্ষা চলবে ১০ থেকে ১৪ মার্চ পর্যন্ত। তবে পরীক্ষা শুরুর ছয়-সাত দিন আগে থেকেই এসব বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বেঞ্চ সাজানোসহ পরীক্ষা নেওয়ার পূর্বপ্রস্তুতির কাজে ব্যস্ত হয়ে পড়েন।
পাইলট উচ্চবিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক আবদুল আজিজ বলেন, ‘নতুন বই পেয়ে আমার ছেলেটা খুশিতে স্কুলে যেতে থাকে। কয়েক দিন ক্লাস হয়ে পরীক্ষার জন্য দেড় মাস স্কুল বন্ধ হয়ে গেল। বাধ্য হয়ে কোচিং সেন্টারে ভর্তি করে দিলাম।’ জাবরহাট উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর অভিভাবক দিনমজুর সোলায়মান বলেন, ‘টাকার অভাবে মেয়েটাকে প্রাইভেটে দিতে পারিনি। এতে এই দেড় মাস মেয়েটার পড়াশোনাই হলো না।’
ভোমরাদহ এসএসসি পরীক্ষাকেন্দ্রের সচিব মো. এবাদুল ইসলাম বলেন, ‘আমরা এসএসসি পরীক্ষার ফাঁকে বিদ্যালয় চালু রেখেছি। কিন্তু পরীক্ষা বন্ধের দিনগুলোতে ক্লাসে শিক্ষার্থী পাওয়া যায় না।’ জাবরহাট কেন্দ্রের সচিব গোপেন মালাকার বলেন, ‘শ্রেণিকক্ষের বেঞ্চগুলোতে পরীক্ষার সিট বসানো হয়েছে। পরীক্ষার ফাঁকে ক্লাস করতে গেলে বেঞ্চ এলোমেলো হবে এবং শিক্ষার্থীরা বসানো সিটগুলো উঠিয়ে ফেলবে। তাই আমি ঝামেলায় যাইনি।’ পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব মফিজুল হক বলেন, পরীক্ষাকেন্দ্রের জন্য বিকল্প ভবন আবশ্যক। এতে পাঠদান বিঘ্নিত হবে না।
ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় বহুতল ভবন নির্মাণ করে সেখানে সব ধরনের পরীক্ষা নেওয়া হলে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হবে না। এ বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।