চার শিল্পপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক থেকে ঋণ নিয়ে চেক প্রতারণার অভিযোগের মামলায় চার শিল্পপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান এ আদেশ দেন।

চার শিল্পপতি হলেন নুরজাহান গ্রুপের মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান জহির আহমেদ এবং তাঁর ভাই একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান, এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাব উদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলম।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকের দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন হাজির না হওয়ায় চার শিল্পপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।’

আদালত সূত্রে জানা গেছে, জহির আহমদ ও টিপু সুলতান যৌথভাবে এক মামলায়, টিপু সুলতান তিন মামলায় এবং শাহাব উদ্দিন দম্পতির বিরুদ্ধে তিন মামলায় পরোয়ানা জারি করেন আদালত।

মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে কমার্স ব্যাংক থেকে ৫৫ কোটি টাকা ঋণ নেয় নুরজাহান গ্রুপ। ঋণ পরিশোধের অংশ হিসেবে ২০১২ সালের ২৩ এপ্রিল মার্কেন্টাইল ব্যাংক খাতুনগঞ্জ শাখার নামের পাঁচ কোটি টাকার চেক দেন। কিন্তু অপর্যাপ্ত তহবিলের কারণে চেক প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। কয়েক দফা আইনগত বিজ্ঞপ্তি দিলেও টাকাগুলো পরিশোধ করা হয়নি। পরে কমার্স ব্যাংক আগ্রাবাদ করপোরেট শাখার এক্সিকিউটিভ অফিসার মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় আদালত আগামী ৪ মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রাখেন। এদিকে সোনালী ব্যাংক থেকে বিভিন্ন সময়ে ঋণ নেওয়া ২০১২ সালের ২৮ জুন পাঁচ কোটি টাকার দুটি এবং চার কোটি টাকার একটিসহ তিনটি চেক নুরজাহান গ্রুপের টিপু সুলতান মার্কেন্টাইল ব্যাংকের অনুকূলে প্রদান করেন।কিন্তু চেকগুলো প্রত্যাখ্যাত হয়। এ কারণে একই বছরের ২৮ অক্টোবর সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখার সহকারী মহাব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। আদালত এ মামলায় আগামী ৫ মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রাখেন।

অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিলে তা পরিশোধের জন্য এস এ গ্রুপের পক্ষ থেকে কমার্স ব্যাংকের অনুকূলে চার কোটি ৫০ লাখ পাঁচ হাজার টাকার একটি, ২০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার দুটি এবং ঢাকা ব্যাংকের অনুকূলে ৪৯ কোটি ১০ লাখ টাকার চেক দেওয়া হয়। ওই দিনই চেকগুলো ব্যাংকে দেওয়া হলে অপর্যাপ্ত তহবিলের কারণে সেগুলো প্রত্যাখ্যাত হয়। গত বছরের ৪ জুলাই অগ্রণী ব্যাংক আগ্রাবাদ শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান আহমেদ বাদী হয়ে মহানগর হাকিম আদালতে মামলা করেন। পরে বিচারের জন্য মামলাগুলো মহানগর দায়রা জজ আদালতে আসে। অভিযোগ গঠনের শুনানির দিন আসামিরা হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ৬ মার্চ অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করেন আদালত।